চট্টগ্রামে ১৮ ও ৩১ জানুয়ারি পরিবহন ধর্মঘট
নেতাদের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে বৃহত্তর চট্টগ্রামে আগামী ১৮ ও ৩১ জানুয়ারি পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে ফেডারেশনের এক সংবাদ সম্মেলন বলা হয়, ১৮ জানুয়ারি সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এবং ৩১ জানুয়ারি পূর্ণদিবস ধর্মঘট পালিত হবে।
লিখিত বক্তব্যে ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা বলেন, “চট্টগ্রাম মহানগরী হিউম্যান হলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে অপহরণের ঘটনায় মামলার তদন্তে প্রকৃত দোষীদের বাদ দেয়ার চেষ্টার প্রতিবাদ ও শ্রমিক নেতাদের ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে ধর্মঘট আহ্বান করা হয়েছে।”
গত ১৯ অগাস্ট নগরীর সল্টগোলা থেকে ‘অপহৃত’ চট্টগ্রাম মহানগরী হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলামের সন্ধান দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন পরিবহন নেতারা।
এর দুদিন পরই ২১ অগাস্ট মিরসরাই উপজেলার বারৈয়াহাটে সন্ধান মেলে নুরুলের।
শ্রমিক নেতা মুছার অভিযোগ, “নুরুল ইসলামকে ‘অপহরণের’ ঘটনায় মামলা দায়েরের পাঁচ মাস পার হয়ে গেলেও পুলিশ অপহরণের ঘটনাকে ‘সাজানো নাটক’ হিসেবে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছে।”
তিনি জানান, ছয় মাস আগে নগরীর কাপ্তাই রাস্তার মাথায় অবস্থিত ফেডারেশনভুক্ত চট্টগ্রাম অটোরিকশা ও টেম্পো শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলে সন্ত্রাসীরা হামলা করেছিল।
কার্যালয় দখলে ব্যর্থ হয়ে পরে ওই সংগঠনের নেতাদের বিরুদ্ধে আদালতে ‘মিথ্যা’ মামলা করা হয় বলেও অভিযোগ করেন মুছা।
এসব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে ফেডারেশনের পূর্বাঞ্চলীয় কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি রুহুল আমীন উপস্থিত ছিলেন।
