২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট জালিয়াতদের বিচার হবে ট্রাইব্যুনালে: আমীর খসরু

বিএনপি ক্ষমতায় গেলে নির্বাচনে কারচুপির সঙ্গে জড়িতদের বিচারে ট্রাইব্যুনাল করবে বলে জানিয়েছেন সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 06:25 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

৫ জানুয়ারির নির্বাচনের দুই বছর পূর্তিতে মঙ্গলবার চট্টগ্রামে নগর বিএনপি আয়োজিত সমাবেশে এই ঘোষণা দেন তিনি।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনের এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে ওই ভোট বর্জনকারী বিএনপি। 

দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া পৌর নির্বাচন পর্যন্ত সব ক’টি ভোটে ক্ষমতাসীনরা কারচুপি করেছে বলে আমীর খসরুর অভিযোগ।

“যারা অবৈধ নির্বাচনের সঙ্গে জড়িত তাদের বিচারের জন্য আলাদা ট্রাইবুন্যাল করা হবে। যারা জনগণের ভোট কেড়ে নেওয়ার পাঁয়তারা করেছে, তাদের সবার তালিকা করা হচ্ছে। একে একে সবার বিচার হবে।”

কতিপয় সরকারি আমলার পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাচন কমিশনও জালিয়াতিতে জড়িত বলে দাবি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

শেখ হাসিনা ও আওয়ামী লীগ ‘ভোট জালিয়াতিকে প্রাতিষ্ঠানিক রূপ’ দিতে যাচ্ছে বলেও অভিযোগ করেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু।

“একটা সময়ে এসে জনগণ ভোট দেওয়া ভুলে যাবে। মানুষ বলবে থাক ভোট দিব না, যেভাবে আছে সেভাবে থাক।”

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়ী হবে দাবি করে তিনি বলেন, “সুষ্ঠু ভোট হলে বিএনপি প্রথম, জামায়াতে ইসলামী দ্বিতীয় এবং আওয়ামী লীগ তৃতীয় হবে।”

নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক হুইপ ও কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, নগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম প্রমুখ।

গতবছর ৫ জানুয়ারি চট্টগ্রামে ২০ দলীয় জোটের সমাবেশে সংঘর্ষের পর পুলিশের মামলায় বিএনপি-জামায়াতের তিন শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছিলেন।

এরপর থেকে চট্টগ্রামে বিএনপি আর কোনো বড় সভা-সমাবেশের আয়োজন করেনি।

এক বছর পর চট্টগ্রামে সমাবেশ করার জন্য লালদিঘীর মাঠ ব্যবহারের অনুমতি চায় দলটি। আওয়ামী লীগও ওই স্থানে সমাবেশ করতে চাইলে দুই দলের কেউকে লালদিঘী মাঠ ব্যবহার করতে দেয়নি পুলিশ।

আওয়ামী লীগকে শহীদ মিনার চত্ত্বরে এবং বিএনপিকে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়।

বিএনপর সমাবেশকে ঘিরে নগরীতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন বেশ তৎপর। পাশাপাশি সকাল থেকে নগরীর পাশাপাশি সীতাকুণ্ড ও বাঁশখালী উপজেলায় দুই প্লাটুন করে মোট ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছিল।