চট্টগ্রাম বন্দরে লাইম স্টোন ও সোডিয়াম কার্বনেট জব্দ
চট্টগ্রাম বন্দরে 'শুল্ক ফাঁকি দিতে মিথ্যা তথ্য দিয়ে' আনা ১৮ কন্টেইনার লাইম স্টোন ও সোডিয়াম কার্বনেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক উত্তম বিশ্বাস জানান, ‘পোল্ট্রি ফিড’ ঘোষণা দিয়ে আমদানি করা ১৮ কন্টেইনার পণ্য পরীক্ষায় লাইম স্টোন ও সোডিয়াম কার্বনেট হিসেবে প্রমাণিত হলে বৃহস্পতিবার সেগুলো জব্দ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বগুড়ার কোয়ালিটি ব্রিডারস নামে একটি প্রতিষ্ঠান ভিয়েতনাম থেকে ‘পোল্ট্রি ফিড’ ঘোষণা দিয়ে ওই ১৮ কন্টেইনারে ৫০৪ মেট্রিক টন পণ্য আমদানি করে।
২৯ ডিসেম্বর এসব পণ্য চট্টগ্রাম বন্দরে এলে কন্টেইনারগুলোর 'কায়িক পরীক্ষার' করে সেখানে লাইম স্টোন ও সোডিয়াম কার্বনেট এর গুঁড়া পাওয়া যায়।
শুল্ক কর্মকর্তা উত্তম বলেন, পরে ওই দুটি উপাদানের ল্যাবরেটরি পরীক্ষাও করা হয়। বৃহস্পতিবার পরীক্ষার প্রতিবেদন আসার পর লাইম স্টোন ও সোডিয়াম কার্বনেট নিশ্চিত হলে তা জব্দ করা হয়।
স্বাধীন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান এসব পণ্যের সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল জানিয়ে তিনি বলেন, "আমদানিকারক প্রতিষ্ঠান পণ্যগুলো আমদানির ক্ষেত্রে মিথ্যা তথ্য দিয়ে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। "
