২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

চট্টগ্রাম নগরী ও জেলার ১২০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 10:08 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

রোববার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে তাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিত প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট, সম্মাননা সনদ ও ১০ হাজার টাকা করে তুলে দেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বাধীনতার ৪৪ বছর উপলক্ষে ৪৪টি মোমবাতি প্রজ্জ্বলন করেন মুক্তিযোদ্ধারা।

মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসময় ‘সব কটা জানালা খুলে দাও না’ গানটি পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে মেয়র নাছির বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠিত হয়েছে।

“একাত্তরে যারা স্বদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে হত্যা-অগ্নিসংযোগ-লুটপাট ও নারীর সম্ভ্রমহানি ঘটায় তারা ঘৃণিত যুদ্ধাপরাধী। বর্তমানেও দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা এবং গণতন্ত্র হত্যার অপচেষ্টায় তারা লিপ্ত।

“প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বঙ্গবন্ধুকন্যা দেশের অর্থনৈতিক মুক্তির লড়াই চালিয়ে যাচ্ছেন।”

আরেফিন নগরে কবরস্থানে মুক্তিযোদ্ধাদের সমাহিত করাসহ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মেয়র।

অনুষ্ঠানে চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার বলেন, “ভারত বাংলাদেশের সুখ-দুঃখের সাথী বন্ধুপ্রতীম দেশ। বর্তমান ও আগামী প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের গৌরব গাথা তুলে ধরতে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ খুব প্রয়োজন।”

অনুষ্ঠানে উপস্থিত রাশিয়ান কনস্যুলেট ওলেগ পি বয়কো বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় রাশিয়া বাংলাদেশের পাশে ছিল।

“রাশিয়া বাংলাদেশের পাশে থেকে উন্নয়নে সহযোগিতা দিয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকবে।”

সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহমদ, প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান ও সিসিসি সচিব রশিদ আহমদ বক্তব্য রাখেন।