শিবিরের হামলার পরদিন চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের মিছিল
চট্টগ্রাম সরকারি কলেজে শহীদ মিনারে বিজয় দিবসের ফুল দিতে গিয়ে শিবির কর্মীদের হামলার শিকার হওয়ার পরদিন ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজের প্রধান ফটক থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের একটি মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে শহীদ মিনার পাদদেশে সমাবেশ করে ছাত্রলীগ।
সমাবেশ থেকে বিজয় দিবসে ছাত্রলীগের ওপর হামলা ও গুলিবর্ষণে জড়িত শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান নেতাকর্মীরা।
এছাড়া কলেজের বন্ধ থাকা চারটি ছাত্রাবাসে মেধার ভিত্তিতে আসন বন্টন না হওয়া পর্যন্ত সেগুলো বন্ধ রাখার দাবিও জানান তারা।
সমাবেশে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতা জাবেদুল ইসলাম জিটু, মনির ইসলাম, শুভাস মল্লিক সবুজ, কামরুল হাসান মাসুম, মো. সাইফুদ্দিন ও জাহিদ হাসান সাইমমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিজয় দিবসে চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে ফুল দিতে গিয়ে হামলার শিকার হয় ছাত্রলীগকর্মীরা। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর কলেজের ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত সোহরাওয়ার্দী ও শেরেবাংলা ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় বিকালে কলেজ কর্তৃপক্ষ চারটি ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়।
