২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভূমি রেকর্ডের ডিজিটাইজেশন শুরু

ইউনিয়ন পর্যায়ে ভূমির খতিয়ান সহজলভ্য করতে চট্টগ্রামে ভূমি জরিপ, রেকর্ড প্রণয়ন ও সংরক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 07:44 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

বৃহস্পতিবার চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের যে অঙ্গিকার, ভূমি ডিজিটাইজেশনের মাধ্যমে সেটি আরও এক ধাপ এগোলো।

“প্রজন্ম থেকে প্রজন্মে ভূমির রেকর্ড চলমান থাকে। তাই ভূমির খতিয়ান ও রেকর্ডের যথাযথ সংরক্ষণ জরুরি।”

চট্টগ্রাম জেলার প্রায় ৪০ লাখ খতিয়ান ডাটাবেইজে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে জানিয়ে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, এই ডিজিটাইজেশনের কারণে প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার থেকে আবেদনের মাধ্যমে একজন মানুষ মাত্র ১০ দিনে স্বল্প খরচে ভূমির খতিয়ান সংগ্রহ করতে পারবেন।

“এতে দালালদের দৌরাত্ম্য কমবে। সাধারণ মানুষের ভোগান্তিরও লাঘব হবে।”

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিয়াস হোসেন জানান, ৪০ জন ব্যক্তি প্রতিদিন চার হাজার খতিয়ান ডাটা এন্ট্রি করবেন। পরবর্তীতে লোকবল বাড়িয়ে সেটাকে প্রতিদিন ২০ হাজার খতিয়ান এন্ট্রি করতে পারার সক্ষমতায় নিয়ে যাওয়া হবে।

আগামী এক বছরের মধ্যে এই ডিজিটাইজেশন কার্যক্রম শেষ করা যাবে বলেও আশাবাদ তার।

ভূমি রেকর্ডরুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব উল আহসান জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই (অ্যাকসেস টু ইনফরমেশন) প্রকল্পের আওতায় ভূমি ব্যবস্থাপনা বিষয়ক একটি পূর্ণাঙ্গ সিস্টেম প্রতিষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের পাঁচজন কর্মকর্তা ও পাঁচজন অফিস সহকারীকে এটুআই থেকে সেই সিস্টেমের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

চট্টগ্রামে মোট মৌজার সংখ্যা এক হাজার ৬৪ টি জানিয়ে রাজীব বলেন, ২১৩ টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে খতিয়ানের জন্য আবেদন করা যাবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) পূণ্যব্রত চৌধুরী ও ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আকমল হোসেন।