২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সরে দাঁড়ালেন আ. লীগের ৭ ‘বিদ্রোহী’

চট্টগ্রামের ১০টি পৌরসভার মধ্যে ছয়টিতে মেয়র পদে মোট ১২ প্রার্থী সরে দাঁড়িয়েছেন, যাদের সাতজনই আওয়ামী লীগের ‘বিদ্রোহী’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 09:45 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীর মধ্যে বিএনপির একজন, জাতীয় পার্টির দুইজন, এলডিপির একজন এবং ইসলামী ফ্রন্টের একজন রয়েছেন।

মেয়র পদ থেকে সরে দাঁড়ানো আওয়ামী লীগ নেতা ও সমর্থকরা বলছেন, ‘দলীয় আনুগত্য’ বজায় রাখতেই ‘কেন্দ্রের পরামর্শে’ তারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন। প্রায় একই বক্তব্য নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানো বিএনপি প্রার্থীরও।

আসন্ন নির্বাচনে ১০টি পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদ থেকে ৪৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদ থেকে নয়জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০ পৌরসভায় মেয়র পদে ৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে রোববার পর্যন্ত ১২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সর্বোচ্চ চারজন মেয়র প্রার্থী সরে দাঁড়িয়েছেন।

এরা হলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নুরুল আমিন তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ সমর্থক  ইমাম হোসেন এবং এলডিপির মো. মফিজুল ইসলাম।

নুরুল আমিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “েদলের সিদ্ধান্তের বাইরে যাওয়া তো সম্ভব না। তাই মনোনয়ন প্রত্যাহার করেছি।”

আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ কামরুল ইসলাম চৌধুরী স্থানীয় সাংবাদিকদের জানান, স্থানীয় সাংসদ হাছান মাহমুদের পরামর্শে এবং কেন্দ্রের নির্দেশে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

রাঙ্গুনিয়া পৌরসভায় মেয়র পদে চারজন প্রর্থিতা প্রত্যাহার করায় আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থীসহ চারজন লড়াইয়ে থাকলেন।

বারৈয়ারহাট পৌরসভায় আওয়ামী লীগের দুই ‘বিদ্রোহী’ প্রার্থী ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল করিম ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম। দুজনই প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এখন মেয়র পদে লড়াই হবে আওয়ামী লীগের একজন ও বিএনপির একজনের মধ্যে।

ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ওপর কোনো চাপ ছিল না। দলীয় আনুগত্য ঠিক রাখাটাই বিষয়। আর কিছু না। আজ দলের প্রার্থীর প্রচারও চালিয়েছি।”

মিরসরাই পৌরসভায় আওয়ামী লীগ সমর্থক মো. মোজাহের হোসেন চৌধুরী ও জাতীয় পার্টির এরশাদ উল্ল্যাহ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মোজাহের হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার তো দলে পদ নেই। দলের পক্ষে সবসময় কাজ করেছি। কেউ চাপ দেয়নি। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অনুরোধ করেছেন। তিনি সবার মুরুব্বি, তার ওপর তো কথা হয় না।”

এরশাদ উল্ল্যাহ স্থানীয় সাংবাদিকদের জানান, মহাজোটের প্রার্থীর সমর্থনে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

রাউজানে আওয়ামী লীগ সদস্য স্বপন কুমার দাশগুপ্ত ও আনোয়ারুল ইসলাম, বাঁশখালীতে জাতীয় পার্টির মো. ইব্রাহিম আল হোসাইনে এবং পটিয়ায় ইসলামী ফ্রন্টের আবু তাহের মোজাহাদী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

রাউজানে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী দেবাশীষ পালিত। স্বপন ও আনোয়ারুল প্রার্থিতা প্রত্যাহার করলেও আরও দুজন আওয়ামী লীগ অনুসারী সরে দাঁড়াননি।

এদের একজন পৌর আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বেবীর ছেলে সাইফুল ইসলাম চৌধুরী এবং অপরজন আওয়ামী লীগ সমর্থক মীর মো. মনছুর আলম।

প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে সন্দ্বীপ পৌরসভায় দুইজন, সীতাকুণ্ডে ছয়জন, সাতকানিয়ায় তিনজন, চন্দনাইশে চারজন, রাঙ্গুনিয়ায় চারজন, মিরসরাইয়ে তিনজন, বারৈয়ারহাটে দুইজন, রাউজানে চারজন, বাঁশখালীতে দুইজন এবং পটিয়ায় চারজন মেয়র পদে লড়াইয়ে আছেন।