উদ্বোধনের আগেই কদমতলী ফ্লাইওভারে গাড়ি চলা শুরু
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা না হলেও চট্টগ্রাম নগরীর কদমতলী ফ্লাইওভার দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল থেকে যানবাহনের চালকার কদমতলী ফ্লাইওভারে চলাচল শুরু করেছে। ফ্লাইওভারটি পরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
নগরীর বটতলী স্টেশন থেকে ডিটি রোডের ধনিয়ালাপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভার নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন লিমিটেড। এটি নির্মাণে সিডিএর ব্যয় হয় ৫৮ কোটি ২২ লাখ টাকা।
চট্টগ্রাম নগরীতে ফ্লাইওভার নির্মাণের বিরোধিতাকারী বিশেষজ্ঞদের দাবি, ফ্লাইওভারটিতে লুপ না থাকায় এটি নগরীর যানজট নিরসনে কোনো ভূমিকা রাখবে না।
তবে সিডিএ চেয়ারম্যান সালামের দাবি, দক্ষিণ চট্টগ্রাম থেকে আসা ঢাকামুখী সব যান এ ফ্লাইওভার ব্যবহার করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলে যেতে পারবে, ফলে নগরীতে যানজট কমবে।
দেশের সর্ববৃহত ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জ থেকে পণ্যবাহী সব ট্রাক ফ্লাইওভারটি ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে যেতে পারবে বলেও দাবি করে আসছেন সিডিএ চেয়ারম্যান।
২০১২ সালের জুলাইয়ে এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু করে মেসার্স ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন লিমিটেড। প্রায় তিন বছর শেষে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়।
