চট্টগ্রামে মেহেদী হত্যা মামলার দুই আসামিকে জামিন
চট্টগ্রামের বায়েজিদে সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যা মামলার দুই আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।
রোববার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপুর আদালতে আত্মসমর্পণ করেন।
জামিন নেওয়া দুই আসামি হলেন- নুরুল আলম নুরু ও আবদুল খালেক।
বাদী পক্ষের আইনজীবী চন্দন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২ ডিসেম্বর এই দুই আসামি আদালতে আত্মসর্মপণের আবেদন করলেও সেদিন তারা হাজির হননি।
“আজ তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। আমার বিরোধিতা করেছিলাম কিন্তু তা গ্রহণ করা হয়নি।”
আইনজীবী চন্দন বিশ্বাস বলেন, এ মামলায় গ্রেপ্তার চার আসামি এখনও কারাগারে আছেন। অথচ এ দুইজন আত্মসমর্পণ করেই জামিন পেয়ে গেলেন!
গত ৩ সেপ্টেম্বর রাতে নগরীর বায়েজিদ থানার শের শাহ কলোনি এলাকায় নিজ বাসার সামনে পেছন থেকে গুলি করে পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগকর্মী মেহেদী হাসানকে হত্যা করা হয়।
মেহেদী চট্টগ্রাম নগরের রাজনীতিতে সিটি মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
ঘটনার পরদিন মেহেদীর স্ত্রী মোবশ্বেরা বেগম বাদী হয়ে বায়েজিদ থানায় ২২ জনকে আসামি করে মামলা করেন।
