চট্টগ্রামে শিশু 'ধর্ষণ' ও হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের ইপিজেড থানা এলাকার এক শিশুকে 'ধর্ষণ' ও হত্যার ২০ দিন পর জড়িত অভিযোগে এক যুবককে নেত্রকোণা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আমির হোসেন (২২) চট্টগ্রামের ইপিজেড থানাধীন নারিকেল তলা এলাকার সোলায়মান ফকিরের ছেলে। এ ঘটনায় এর আগে সোলায়মান ফকির ও আমিরের ভাই সাদ্দাম হোসেনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) জয়নুল আবেদীন জানান, মঙ্গলবার রাতে নেত্রকোণার মদন উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমির ওই এলাকায় তার নানার বাড়িতে পালিয়ে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নারিকেল তলা এলাকার ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করার কথা স্বীকার করেছে”।
১২ নভেম্বর সন্ধ্যায় নানির জন্য পান কিনতে বাসা থেকে দোকানে গিয়ে নিখোঁজ হয় আট বছরের শিশু তানিয়া। নেত্রকোণার কেন্দুয়া উপজেলার হাবুল মিয়ার মেয়ে তানিয়া চট্টগ্রামের নারিকেল তলা এলাকার মামার বাড়িতে থেকে পড়াশোনা করত।
নিখোঁজের পরদিন সকালে নারিকেল তলায় একটি পুকুরে বস্তাবন্দি অবস্থায় তানিয়ার লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারের পর শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয় প্রাথমিক ধারণার কথা জানিয়েছিল পুলিশ।
ইপিজেড থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ উদ্ধারের পর পুকুরের পাশের আমিরদের ভবন থেকে নিহত শিশুর ব্যবহার করা জুতা ও কাপড় উদ্ধার করা হয়।
এর পরপরই আমিরের বাবা ভবন মালিক সোলায়মান, ভাই সাদ্দাম হোসেন ও চাচা আব্দুর রহমানকে আটক করে পুলিশ।
“পরে রহমানকে ছেড়ে দেওয়া হলেও সাদ্দাম ও সোলায়ামনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।,” বলেন ওসি।
