চট্টগ্রামে পুকুরে শিশুর বস্তাবন্দি লাশ
চট্টগ্রামের নারিকেল তলা এলাকায় একটি পুকুর থেকে বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
নিহত তানিয়া আক্তার (৮) স্থানীয় মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা হাবুল মিয়ার মেয়ে তানিয়া চট্টগ্রামে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত।
ইপিজেড থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নারিকেল তলা এলাকার একটি পুকুর থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে করে ওসি বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় তানিয়া তার নানির জন্য পান কিনতে বাসা থেকে দোকানে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল।”
তানিয়ার খোঁজে রাতে ওই এলাকায় মাইকিং করা হয়েছিল বলেও জানান তিনি।
পুলিশ কর্মকর্তা কালাম বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
