২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা-মুজাহিদের ফাঁসি বহালে চট্টগ্রামে গণজাগরণের উচ্ছ্বাস

যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের দণ্ড পুর্নবিবেচনার পর ফাঁসি বহাল থাকায় উচ্ছ্বাস প্রকাশ করেছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 05:21 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

বুধবার রিভিউ খারিজের খবর পাওয়ার পরপর নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে আনন্দ মিছিল বের করে মঞ্চের কর্মীরা।

মিছিলটি নগরীর আন্দরকিল্লা এলাকা হয়ে আবার চেরাগী পাহাড় মোড়ে এসে শেষ হলে সেখানে গণজাগরণের কর্মীরা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

এ সময় দুই যুদ্ধাপরাধীর দণ্ড দ্রুত কার্যকর করার আহ্বান জানান তারা।

যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর রিভিউ আবেদন খারিজের মাধ্যমে ‘চট্টগ্রাম কলঙ্কমুক্ত হয়েছে’ বলে মন্তব্য করেন চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সদস্য সচিব চন্দন দাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাকার ফাঁসির আদেশ বহাল রাখায় চট্টগ্রামবাসী আজ কলঙ্কমুক্ত হয়েছে।”

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বুধবার একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর দণ্ডের ওপর রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির দণ্ড বহাল রাখে।

রিভিউ খারিজের ফলে মুজাহিদ ও সাকা চৌধুরীর দণ্ড কার্যকরে আর আইনি বাধা নেই। নিয়ম অনুযায়ী তারা এখন কেবল নিজেদের কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। এ বিষয়টির নিষ্পত্তি হলে সরকার দণ্ড কার্যকর করবে। 

দ্রুত ফাঁসি কার্যকরের আশা প্রকাশ করে চট্টগ্রাম গণজাগরণের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, “দ্রুত দণ্ড কার্যকর হলে একাত্তরে সাকা চৌধুরীর নির্যাতনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে; শহীদ পরিবারগুলো খুশি হবে।”

গণজাগরণের আনন্দ মিছিলে সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার সাক্ষী কাজী নূরুল আবসারকেও উপস্থিত হন।

রিভিউ খারিজে সন্তুষ্টির কথা জানালেও চট্টগ্রামের অনেক আওয়ামী লীগ নেতাকর্মী সাকা চৌধুরীকে রক্ষার চেষ্টা চালিয়েছিল বলে অভিযোগ করেন তিনি।  

“যারা লবিং করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”  

মুক্তিযুদ্ধ চলাকালে নগরীর গুডস হিল সাকা চৌধুরীর অন্যতম নির্যাতন কেন্দ্র ছিল জানিয়ে তিনি সেখানে মুক্তিযু্দ্ধ স্মৃতি যাদুঘর নির্মাণের দাবি জানান।