২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পণ্যসহ কভার্ড ভ্যান ছিনতাইয়ে গ্রেপ্তার ৫

চট্টগ্রামে গার্মেন্টস পণ্য ছিনতাইয়ে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা গত সপ্তাহে নগরীর নিমতলা থেকে কভার্ড ভ্যানসহ একটি বিদেশি প্রতিষ্ঠানের আমদানি করা পণ্য ছিনতাই করেছিলেন বলে দাবি করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 04:38 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

নগরীর বন্দর থানার ওসি মহিউদ্দিন সেলিম জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত নগরী ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মিজানুর রহমান (৩২), মো. মহসিন মল্লিক (৩৫), আবু বক্কর সিদ্দিকী ওরফে সাদ্দাম (২৬), জাকির হোসেন (৩০) ও জসিম উদ্দিন (২৬)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, মিজান, মহসিন ও বক্করকে সীতাকুণ্ড থেকে, জাকিরকে নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এবং জসিমকে বন্দর ইস্ট কলোনি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। 

গত ১২ নভেম্বর নগরীর নিমতলা এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে পণ্যবোঝাই একটি কভার্ড ভ্যান ছিনতাই হয়।

শ্রীলঙ্কান মালিকানাধীন ‘মার্স ইন্টিমেইট বাংলাদেশ লিমিটেড’র আমদানি করা ওইসব পণ্য বেনাপোল বন্দর থেকে চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের কারখানা নেওয়া হচ্ছিল।

এই ঘটনার পর সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে নগরীর কোতোয়ালি থানার টেরিবাজার কাটা পাহাড় এলাকা থেকে কিছু পণ্য এবং বায়েজিদ থানার রৌফাবাদ এলাকা থেকে কভার্ড ভ্যানসহ সব মালামাল উদ্ধার করে।

গ্রেপ্তার পাঁচজন ‘ওই ছিনতাইয়ে জড়িত’ এবং সংঘবদ্ধ কভার্ড ভ্যান ছিনতাইকারী চক্রের সদস্য বলেন জানান নগরীর বন্দর থানার ওসি মহিউদ্দিন সেলিম

বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে কভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনায় বেশ কিছু মামলা রয়েছে বলে জানান এই পুলিম কর্মকর্তা।

পুরনো খবর:

চট্টগ্রামে ছিনতাই হওয়া গার্মেন্ট পণ্য উদ্ধার