চট্টগ্রামে ছিনতাই হওয়া গার্মেন্ট পণ্য উদ্ধার
ছিনতাই হওয়া গার্মেন্ট পণ্য চট্টগ্রামের টেরিবাজার ও বায়েজিদ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
এসব পণ্য বেনাপোল থেকে চট্টগ্রামে আনার পথে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই করা হয়েছিল বলে জানিয়েছেন বন্দর থানার ওসি মহিউদ্দিন সেলিম।
এই ঘটনায় পুলিশ নুরুল ইসলাম খোকন (২৮) ও মো. আজাদ হোসেন (২৫) নামে দুজনকে আটক করেছে।
ওসি মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেনাপোল থেকে মালামালগুলো চট্টগ্রামের কেইপিজেড-এ একটি শ্রীলঙ্কার প্রতিষ্ঠানে আনা হচ্ছিল।
“ভোর সাড়ে ৪টার দিকে কয়েকজন ছিনতাইকারী নগরীর নিমতলা বিশ্বরোড এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে কভার্ড ভ্যানের চালক, সহকারী এবং প্রতিষ্ঠানের এক প্রতিনিধিকে গাড়ি থেকে নামিয়ে তুলে নিয়ে যায়।”
ছিনতাইকারীরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে চোখ বেঁধে ফেলে। পরে হালিশহর এলাকায় নিয়ে তাদের ছেড়ে দেয়।
ওসি জানান, এই বিষয়ে অভিযোগ পাওয়ার পর বন্দর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিকালে টেরিবাজার কাটা পাহাড় লেইন থেকে কিছু মালামাল উদ্ধার এবং সিনেমা প্যালেস এলাকা থেকে খোকন ও আজাদকে আটক করে।
“পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বায়েজিদ থানার রৌফাবাদ এলাকা থেকে কাভার্ড ভ্যানসহ অন্যান্য মালামালগুলো উদ্ধার করা হয়।”
ভারত থেকে আমদানি করা মালামালগুলোর দাম ৬৫ হাজার মার্কিন ডলার বলে জানান ওসি।
এঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।
