চট্টগ্রামে এসএসসির ফরমে বাড়তি ফি ৭ দিনের মধ্যে ফেরতের নির্দেশ
এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বাড়তি টাকা আগামী সাত দিনের মধ্যে ফেরত দিতে বেসরকারি বিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির জন্য সরকারের বেঁধে দেওয়া ফি’র চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ আসার পর সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নগরীর বেসরকারি স্কুলের প্রধানদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
নগরীর ৭০টি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে জেলা প্রশাসক বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা ভঙ্গ করে স্কুল ম্যানেজিং কমিটির সঙ্গে যোগসাজশে যে বর্ধিত ফি আপনারা আদায় করেছেন তা আগামী এক সপ্তাহের মধ্যে ফেরত দেবেন।”
তা না হলে স্কুলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জেলা প্রশাসক ক্ষোভের সঙ্গে বলেন, “ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নানা খাত সৃষ্টি করে টাকা আদায় করলেও ছাত্র-ছাত্রীদের কল্যাণে সে টাকার কিয়দাংশও ব্যয় করা হয় না।”
শিক্ষাঙ্গনে কোনো দুর্নীতি ‘সহ্য করা হবে না’ মন্তব্য করে তিনি বলেন, “সরকার যেখানে শিক্ষা ব্যয় কমানোর চেষ্টা করছে সেখানে আপনারা নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে বেশি টাকা আদায় করে ব্যাংকে রেখে লাভবান হবেন- সেটা হতে দেওয়া যাবে না।”
এসএসসি পরীক্ষার ফরম পূরণে বিজ্ঞান বিভাগের জন্য এক হাজার ৪৫৫ টাকা, মানবিক ও ব্যবসা শাখার জন্য এক হাজার ৩৫৫ টাকা ‘ফি’ ঠিক করে দেওয়া হলেও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে সর্বোচ্চ ১৬ হাজার টাকা, চিটাগাং রেসিডেন্সিয়াল স্কুলে ১৩ হাজার টাকা এবং অন্যান্য স্কুলগুলো পাঁচ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করার অভিযোগের কথা সভায় তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলতুজ্জামান খান।
গত বছর সতর্ক করার পর ২২টি বেসরকারি স্কুল বাড়তি টাকা ফেরত দিয়েছিল জানিয়ে জেলা প্রশাসক বলেন, “এবার বর্ধিত ফি নেওয়া একটি স্কুলকেও ছাড় দেওয়া হবে না; সে স্কুলের ম্যানেজিং কমিটিতে যত বড় প্রভাবশালী রাজনীতিবিদই থাকুক।”
অন্যদের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম ও চট্টগ্রাম মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জামাল উদ্দিন সভায় উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার নগরীর সব সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ভর্তি প্রক্রিয়ার অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।
এসএসসি পরীক্ষার ফরম পূরণে বর্ধিত ফি আদায়ের প্রতিবাদে এবং আদায় করা বাড়তি অর্থ ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে দেওয়ার দাবিতে চট্টগ্রাম ছাত্রলীগও ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে আন্দোলনে নেমেছে।
