চট্টগ্রামে বর্ধিত ফির বিরুদ্ধে আন্দোলনে ছাত্রলীগ
চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বর্ধিত ফি আদায়ের প্রতিবাদে এবং আদায় করা বাড়তি অর্থ ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
রোববার নগরীর কয়েকটি স্কুলের সাধারণ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।
আগামী ১৮ নভেম্বরের মধ্যে আদায় করা বর্ধিত ফি ফিরিয়ে না দিলে অবরোধ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রলীগ নেতারা।
নগরীর হিলভিউ সারমন স্কুল অ্যান্ড কলেজ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় ও কলকাকলী উচ্চ বিদ্যালয়ে এ মানববন্ধন হয়।
কর্মসূচিতে অন্যদের মধ্যে নগর ছাত্রলীগের সহ-সভাপতি তালেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি, জাকারিয়া দস্তগীর ও সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার নগরীর দশটি স্কুলে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ধিত ফি আদায়ের বিরুদ্ধে মানববন্ধন করে আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠনটি।
তাদের আন্দোলনের পর দুটি স্কুল ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেওয়া বর্ধিত ফি ফেরত দিয়েছে।
বর্ধিত ফি বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের নির্দেশ অমান্য করে নগরীর স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে এ মানববন্ধন।
“শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বর্ধিত ফি না নেওয়ার দাবি মেনে নিলেও যে স্কুলগুলো ইতোমধ্যে বর্ধিত ফি নিয়েছে সেগুলোর বিষয়ে কোনো দায়িত্ব নেননি। তাই বাধ্য হয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে মাঠে নেমেছি।”
কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের টাকা ফেরত দেওয়া শুরু করেছে জানিয়ে তিনি বলেন, “বাকি প্রতিষ্ঠানগুলোতে বর্ধিত ফি ফেরত না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
শিক্ষাখাতকে ‘মগের মুল্লুকে’ পরিণত করার বিরুদ্ধে ছাত্রলীগ সব সময় সক্রিয় থাকবে বলে আশা প্রকাশ করেন রনি।
মানববন্ধনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমুও শিক্ষার্থীদের হয়রানি না করতে স্কুল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
