২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তিতে অনিয়ম হলে বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি

শিক্ষার্থী ভর্তিতে অনিয়ম হলে বিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 07:49 PM

Updated : 12 Oct 2022, 04:26 PM

পুরনো খবর:

চট্টগ্রামে রাতভর সড়কে অভিভাবকরা, বিদ্যালয়কে ‘শো-কজ’

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বেসরকারি বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে এক সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

চট্টগ্রামে ভর্তি প্রক্রিয়ায় নানা ধরনের অস্বচ্ছতা ও অনিয়ম নিয়ে প্রতিবছরই বিদ্যালয়গুলোর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যায় বলে অসন্তুষ্টি প্রকাশ করেন জেলা প্রশাসক।

বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০১৫ তুলে ধরে তিনি বলেন, “যে স্কুল এ নীতিমালা ভঙ্গ করবে সে স্কুলের পাঠদানের অনুমতি, একাডেমিক স্বীকৃতি ও এমপিও বাতিলের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

জেলা প্রশাসক জানান, নীতিমালা অনুসারে চট্টগ্রাম মহানগর এলাকায় কোনো স্কুল সেশন চার্জসহ ভর্তি ফি তিন হাজার টাকার বেশি নিতে পারবে না। পাশাপাশি ভর্তি ফরমের দাম রাখতে হবে ২০০ টাকা।

সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল এলাকার স্কুলের জন্য ৫০০ টাকা, উপজেলা সদরে অবস্থিত স্কুলগুলোর ক্ষেত্রে এক হাজার টাকা এবং জেলা সদরের স্কুলগুলো দুই হাজার টাকার বেশি নিতে পারবে না বলেও জানান তিনি।

প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা এবং নবম শ্রেণিতে ভর্তির সময় জেডিসি ও জেএসসি’র মেধাক্রম অনুযায়ী ভর্তি করাতে হবে বলে  জানান মেজবাহ উদ্দিন।

মেজবাহ উদ্দিন বলেন, “কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য আসন থাকলে সেটাতে ভর্তির জন্য নীতিমালা অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। শূন্য আসনে নিজেরা মিলে ছাত্র-ছাত্রী ভর্তি করানো যাবে না।”

সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) দৌলতুজ্জামান খান এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা উপস্থিত ছিলেন।

সভায় নগরীর প্রায় ১২১টি বেসরকারি স্কুলের প্রধানরা উপস্থিত ছিলেন।