চট্টগ্রামে রাতভর সড়কে অভিভাবকরা, বিদ্যালয়কে ‘শো-কজ’
ভর্তি ফরম বিতরণে অনিয়ম ও অভিভাবক ভোগান্তিতে চট্টগ্রাম নগরীর একটি বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন জেলা প্রশাসক
বিদ্যালয়টির স্বীকৃতি বাতিলের জন্য মন্ত্রণালয় বরাবরে কেন লেখা হবে না, তা জানাতে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে নেটিসে।
সোমবার নগরীর জামালখানের সেন্ট মেরিজ স্কুলের প্রধান শিক্ষক বরাবর এ নোটিস পাঠান চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
নোটিসে বলা হয়, “গত শুক্রবার সকালে ভর্তি ফরম গ্রহণের জন্য বৃহস্পতিবার বিকাল থেকে অভিভাবকদের স্কুলের আশেপাশে দাঁড়িয়ে থাকতে হয় এবং এতে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।”
সেন্ট মেরিজ স্কুলের কেজি শ্রেণিতে ২০১৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য গত ৬ নভেম্বর (শুক্রবার) ভর্তি ফরম বিতরণ করা হয়।
ফরম তুলতে মাত্র একদিন নির্ধারিত থাকায় আগের দিন বিকাল থেকে শত শত অভিভাবক সড়কে দাঁড়িয়ে ও বসে রাত কাটানোর পর ভর্তি ফরম সংগ্রহ করেন।
এ বিষয়ে জেলা প্রশাসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেসরকারি স্কুল-কলেজ, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ভর্তির নীতিমালা ২০১৫ এর ৮(খ) অনুচ্ছেদ অনুসারে ভর্তি ফরম বিতরণের জন্য ন্যূনতম সাত কার্য দিবস সময় রাখতে হবে।
“তারা নীতিমালা না মেনে একদিনেই সব ফরম বিতরণ করেছে,” বলেন জেলা প্রশাসক।
“এজন্য অভিভাবকদের কষ্ট দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে রাতভর। এটা হতে পারে না। নীতিমালা মানুষের সুবিধার জন্য। কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়।”
ভর্তি ফরম বাবদ প্রতি অভিভাবকের কাছ থেকে ২০০ টাকা বিনা রশিদে আদায়ের ব্যাখ্যাও চাওয়া হয়েছে বিদ্যালয়টির কাছে।
নীতিমালা অনুসরণের বিষয়ে আলোচনার জন্য চট্টগ্রামের সব বিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে আগামী বৃহস্পতিবার এক সভা ডাকা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
