বেতন বাড়াতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন
চট্টগ্রামে কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা বেতন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার নগরীর প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ ফার্মাসিউটক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) চট্টগ্রাম শাখার ব্যানারে এ মানববন্ধন হয়।
মানববন্ধন শেষে পাঁচ দফা দাবিতে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় বিক্রয় প্রতিনিধিরা।
সারা দেশে দুই লাখ ৩১ হাজার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করছে জানিয়ে চট্টগ্রাম ফারিয়া’র সভাপতি আমজাদ হোসেন বলেন, ”প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করেও ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছি আমরা।”
”গার্মেন্টসের পর ওষুধ দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। অথচ এ খাতে আমরা যারা কাজ করছি তাদের জন্য সরকারি ঘোষিত কোনো বেতন কাঠামো নেই।”
ফারিয়া’র পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- সরকারি নতুন বেতন স্কেল অনুসারে সপ্তম গ্রেড সমপরিমাণ বেতন র্নিধারণ, বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় টিএ/ডিএ বাড়ানো, চাকরির নিশ্চয়তা প্রদান, ফারিয়া সংগঠনকে সরকার কর্তৃক নিবন্ধন ও স্বীকৃতি এবং সরকারি ছুটিসহ জাতীয় সব ধরনের ছুটি প্রদান।
দাবি আদায়ে সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে ফারিয়া চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও সংগঠনের নেতা অলীক দাশ উপস্থিত ছিলেন।
