২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রোহিঙ্গা ভোটার’ ঠেকাতে নির্দেশ সিইসির

ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 04:09 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

সোমবার চট্টগ্রাম সার্কিট হাউজে নির্বাচন কমিশন আয়োজিত মতবিনিময় সভা শেষে ভোটার তালিকার হালনাগাদ কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির খবরের বিষয়ে জানতে চাইলে কাজী রকিব উদ্দিন বলেন, "এই সভার আগেই কমিশনের কর্মকর্তাদের বলে আসলাম শুধু চট্টগ্রাম কেন; সব জায়গাতেই কঠিন নজরদারি রাখতে হবে।"

তিনি জানান, বাংলাদেশের নাগরিক হলেই শুধু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে। দেশের নাগরিক না হলে তাদের অন্তর্ভুক্ত করা হবে না। এজন্য পার্বত্য চট্টগ্রামসহ কয়েকটি জায়গায় বিশেষ কমিটি করা হয়েছে।

দেশের অন্য কোথাও সন্দেহভাজন কারও বিষয়ে আপত্তি থাকলে তাও জানাতে অনুরোধ জানান সিইসি।

তিনি বলেন, “কারও সন্দেহজনক আপত্তি থাকলে জানাবেন। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।"

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারের নাম কর্তন, মৃত্যু রেজিস্ট্রার হালনাগাদ করা, যাচাই-বাছাই করে জন্ম নিবন্ধন সনদ প্রদান এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে সহায়তা প্রদান বিষয়ে এই সভার আয়োজন করা হয়।

চট্টগ্রামে আটকেপড়া পাকিস্তানিরা ভোটার হচ্ছে- এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, “শুধু রোহিঙ্গা নয়; বাংলাদেশের নাগরিক না হলেই অসুবিধা। এ বিষয়ে আদালতেরও নির্দেশনা আছে। সব মিলিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।”

স্থানীয় নির্বাচন প্রসঙ্গ

দলীয় ব্যানারে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জানতে চাইলে কাজী রকিব বলেন, “আইন প্রণয়ন সংসদের বিষয়। এই আইন করা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ। সংবিধান ও আইন মোতাবেক কাজ করা আমাদের দায়িত্ব।”

তিনি বলেন, “যেসব পৌরসভার নির্বাচনের সময় হয়েছে সেগুলোর হবে; সবার একদিনে নয়। ডিসেম্বরে নির্বাচনের উদ্যোগ নিয়েছি। যেদিন তফসিল ঘোষণা করা হবে; সেদিন যে আইন থাকবে তাতেই নির্বাচন হবে।”

মৃতদের নাম কর্তন প্রসঙ্গ

সভায় চলমান হালনাগাদ কার্যক্রমে নারীদের নিবন্ধন ও মৃতদের নাম কর্তনের হার ‘সন্তোষজনক’ নয় জানিয়ে সিইসি বলেন, "মহিলাদের নিবন্ধন কম। বিভিন্ন এনজিও ও মহিলা সংগঠনের সাথে যোগাযোগ করেছি। তারা সহযোগিতা করছেন।"

তিনি বলেন, “ভোটার মারা গেলে নাম কাটা যাবে। বছর বছর আমরা হালনাগাদ করি। দেখছি যে এই হালনাগাদের মধ্যে যে হারে লোকজন মারা যায় তা নিবন্ধিত হয় না। ভোটার তালিকায় মৃতদের নাম থেকে গেলে এবং তাদের নামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র ইস্যু হলে সরকারি অর্থের অপচয় হওয়ার সম্ভাবনা আছে।”

সভায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সরবরাহ করা তালিকায় দেখা যায়, হালনাগাদ কার্যক্রমে নগরীতে মাত্র দুই হাজার ২৬ জনের নাম কর্তন করা হয়েছে।

মতবিনিময় সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

মেয়র ও কাউন্সিলররা ভোটার তথ্য সংগ্রহে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান কাজী রকিব।

তিনি বলেন, “মাস খানেকের মধ্যেই সব তথ্য পাওয়া জরুরি দরকার। মেয়র বলেছেন, তিনি ও তার কর্মীবাহিনী সহযোগিতা করবেন।”

সভায় অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আব্দুল মোবারক, নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহীদুর রহমান এবং চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন  উপস্থিত ছিলেন।