পরীক্ষার্থীদের জন্য ডিসিকে স্মারকলিপি চট্টগ্রাম ছাত্রলীগের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সময় পরিবহন সঙ্কট নিরসন এবং জেএসসি-জেডিসি পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
রোববার চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি দেন সভাপতি ইমরান হোসেন ইমুর নেতৃত্বে ছাত্রলীগের নগর নেতারা।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরিবহন সঙ্কটে ভোগেন। এ বছরও ওই অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
নগরী থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের জন্য গণপরিবহনের ব্যবস্থা,চলমান জেএসসি-জেডিসি এবং আসন্ন পিএসসি পরীক্ষা চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য ছাত্রলীগের পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানান রনি।
এছাড়া পরীক্ষা কেন্দ্রের সামনে ইভটিজিং রোধে বখাটেদের বিরুদ্ধে এবং পরীক্ষাচলাকালীন শব্দ দূষণ রোধে মাইক-সাউন্ড ব্যবহারে আরও কড়াকড়ি আরোপের জন্য স্মারকলিপিতে দাবি জানানো হয়।
