চট্টগ্রাম বন্দরে ৮ জাহাজকে জরিমানা
কর্ণফুলী নদীতে বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, অতিরিক্ত পণ্য পরিবহন ও সনদ না থাকায় আটটি জাহাজকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া আরও তিনটি জাহাজের কাছ থেকে বন্দর চ্যানেল ব্যবহারের বকেয়া ভাড়া হিসেবে এক লাখ ৪৯ হাজার টাকা আদায় করা হয়।
বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বন্দর কর্তৃপক্ষের প্রসিকিউশন কর্মকর্তা মেহরাজ উদ্দিন ও বন্দরের নিজস্ব আনসার বাহিনী সহায়তা করে।
ম্যাজিস্ট্রেট হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ওভারলোডিং, মাস্টার ও ড্রাইভারের বৈধ সনদ না থাকা এবং ‘বে ক্রসিং’ অনুমতি না নেওয়া ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় আটটি জাহাজকে জরিমানা করা হয়।
এর মধ্যে এমভি ফাতেহা ও এমভি গোলাপকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা, এমভি সিয়ম খানকে ৪০ হাজার টাকা, এমভি ইব্রাহিমকে ৩০ হাজার টাকা, এমভি হৃদয় ও এমভি সুরভিকে ২০ হাজার টাকা করে এবং এমভি জেরিন-২ ও এমভি বাংলার ঊর্বশীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া এমভি বর্ষা-১ এর কাছ থেকে বন্দর চ্যানেল ব্যবহারের বকেয়া ভাড়া ৮২ হাজার টাকা, এমভি বর্ষা-২ এর ৩৬ হাজার টাকা ও এমভি রাজেশ এর কাছ থেকে ৩১ হাজার টাকা আদায় করা হয়।
অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধিত ২০০৫) ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অধ্যাদেশ-১৯৭৬ অনুসারে এসব জরিমানা ও বকেয়া আদায় করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট হাশেম।
