২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

রাউজানে এক অটোরিকশা চালককে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 07:13 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

দণ্ডিতরা হলেন- চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষা এলাকার মো. জসিম ও পিরোজপুরের  মঠবাড়িয়া এলাকার এমদাদুল হক। তারা পলাতক।

বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরে আলম এ রায় দেন।

চট্টগ্রাম জেলা আদালতের পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।”

আদালতের নথিপত্র থেকে জানা যায়, ২০০৬ সালের ৩০ ডিসেম্বর রাউজান উপজেলার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা থেকে অটোরিকশা চালক মো.রবিউলকে অটোরিকশাসহ অপহরণ করে নিয়ে যান আসামিরা।

এর পরদিন রাউজান উপজেলার কামাল দিঘীর পাড় এলাকা থেকে ওই অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে জসিম ও এমদাদুলকে আসামি করে রাউজান থানায় মামলা করে।

২০০৭ সালের ২২ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ওই বছরের ২ ডিসেম্বর মামলার অভিযোগ গঠন করা হয়।

বুধবার মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।