‘সাংবাদিক পরিচয়ে’ ইয়াবা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ২
চট্টগ্রামের বাকলিয়ায় ‘সাংবাদিক পরিচয়ে’ ইয়াবা পাচারের সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. গিয়াস উদ্দিন (৩০) ও মো. আলম ওরফে বদিউল আলমের (২২) কাছ থেকে এক হাজার ইয়াবা পাওয়া গেছে বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়।
“গিয়াস ও তার সহযোগী আলমের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৫০০টি করে মোট এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”
ওসি জানান, তল্লাশির সময় গিয়াস নিজেকে সাংবাদিক দাবি করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কক্সবাজারের কলাতলী এলাকার ‘মায়া স্টুডিও’র মালিক।
আর আলম পুলিশকে বলেছেন, তিনি কক্সবাজারে রিকশা চালান। ইয়াবা বহনের জন্য গিয়াস তাকে ঢাকা নিয়ে যাচ্ছিল।
তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।
