২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমসিকিউ: সরকারের সিদ্ধান্ত বাতিলের দাবি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ থেকে ১০ নম্বর কমিয়ে সৃজনশীল অংশে যুক্ত করার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে চট্টগ্রামের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 06:03 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

পুরনো খবর:

এসএসসি-এইচএসসি: এমসিকিউ-এর ১০ নম্বর যাবে সৃজনশীলে

সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানবন্ধন থেকে এ দাবি জানানো হয়।

চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন।

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ আল আরেফিন বলেন, বহু নির্বাচনী প্রশ্ন থেকে ১০ নম্বর কমিয়ে লিখিত অংশে যুক্ত করা হলেও লিখিত অংশের জন্য সময় বাড়ানো হয়েছে মাত্র ১০ মিনিট।

“১০ নম্বরের একটি সৃজনশীল প্রশ্ন লিখতে যেখানে ২০ থেকে ২৫ মিনিট লাগে, সেখানে ১০ মিনিটে কোনোভাবেই আরও একটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখা যাবে না”।

২০১৭ সালে থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে জানিয়েছে।

Image
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউ এর ১০ নম্বর সৃজনশীলে যুক্ত করার সরকারি সিদ্ধান্ত বাতিল চেয়ে চট্টগ্রামের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউ এর ১০ নম্বর সৃজনশীলে যুক্ত করার সরকারি সিদ্ধান্ত বাতিল চেয়ে চট্টগ্রামের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

বর্তমানে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ১০০ নম্বরের বিষয়ে ৬০ নম্বর সৃজনশীল এবং ৪০ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন করা হয়। আর যেসব বিষয়ে ‍ব্যবহারিক রয়েছে সেখানে ৩৫ নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন যেসব বিষয়ে ৪০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়,২০১৭ সালের পরীক্ষায় সেসব বিষয়ে ৩০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আর যেসব বিষয়ে এখন ৩৫ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়,তা কমে হবে ২৫ নম্বরের।

এই ১০ নম্বর যুক্ত হবে সৃজনশীল প্রশ্নের অংশে। অর্থাৎ,সৃজনশীল অংশের নম্বর আনুপাতিক হারে বেড়ে যাবে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সরকারের এ সিদ্ধান্তে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমবে।