গ্রেপ্তার জেএমবি সদস্য সজিব রিমান্ডে
টাঙ্গাইল থেকে গ্রেপ্তার জেএমবি সদস্য মিনহাজুল ইসলাম ওরফে সজিবকে তিন দিনের রিমান্ডে পেয়েছে চট্টগ্রাম পুলিশ।
রোববার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম আবদুল কাদের এ আদেশ দেন।
গত শনিবার পুলিশ কর্ণফুলী থানার সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় সজিবকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করলে আদালত আবেদন গ্রহণ করে রোববার শুনানির জন্য দিন নির্ধারণ করে দেয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”
গত শুক্রবার ভোরের দিকে মিনহাজুল ইসলাম ওরফে সাজিল ওরফে সজিবকে (২৪) টাঙ্গাইলের নাগরপুরের খালার বাড়ি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার সজিব চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন দুলালের ছেলে।
গ্রেপ্তারের পর শনিবার চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় ছিনতাইয়ে মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সজিব।
গত ২৩ সেপ্টেম্বর রাতে ওই ছিনতাইয়ের সময় নিজেদের গ্রেনেড বিস্ফোরণে মারা যান মো. রফিক ও মো. রবিউল নামে দুই জেএমবি সদস্য।
ওই ঘটনায় আহত বেসরকারি প্রতিষ্ঠান সাহা করপোরেশনের ব্যবস্থাপক সত্য গোপাল ভৌমিক দুই দিন পর মারা যান।
