২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের জেএমবি সদস্য টাঙ্গাইলে গ্রেপ্তার

চট্টগ্রাম অপরাধে জড়িত জেএমবির এক সদস্যকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 01:27 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

গ্রেপ্তার মিনহাজুল ইসলাম সজিব (২৪) বন্দর নগরীর মাঝিরঘাট এলাকায় ২৩ সেপ্টেম্বরের ছিনতাইয়ে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি, ওই ঘটনার সময় বিস্ফোরণে জেএমবিরই দুই সদস্য নিহত হন।

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম শাখার ‘অপারেশন টিমে’র সদস্য সজিব চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন দুলালের ছেলে।

শুক্রবার ভোরে টাঙ্গাইলের নাগরপুর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তারের পর শনিবার সজিবকে চট্টগ্রামে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাগরপুরে খালার বাড়িতে লুকিয়ে ছিলেন সজিব। শুক্রবার সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাঝিরঘাটের তিন খুনের ঘটনায় সে অংশ নিয়েছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।”

২৩ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় ছিনতাই করতে গিয়ে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জেএমবি সদস্যরা। এতে মো. রফিক ও মো. রবিউল নামের দুই জেএমবি সদস্যই মারা যান।

সেদিন ছিনতাইকারীদের হামলায় আহত বেসরকারি প্রতিষ্ঠান সাহা করপোরেশনের ব্যবস্থাপক সত্য গোপাল ভৌমিক দুই দিন পর মারা যান।

ওই ছিনতাইয়ের তদন্ত করতে গিয়ে ৫ অক্টোবর গোয়েন্দা পুলিশ নগরীর মাদারবাড়ি ও অক্সিজেন এলাকা থেকে পাঁচ জেএমবি সদস্যকে গ্রেনেড, বিস্ফোরক ও অস্ত্রসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার পাঁচজনের মধ্যে ৬ অক্টোবর ভোররাতে জেএমবির ‘সামরিক শাখার প্রধান’ তৌফিকুল ইসলাম ওরফে জাবেদ নামে একজনকে নিয়ে বিস্ফোরক উদ্ধারে গেলে তিনি গ্রেনেড বিস্ফোরণে নিহত হন বলে দাবি করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার বাকি চারজনের মধ্যে জেএমবি সদস্য মো. সুজন ওরফে বাবু গত ৪ সেপ্টেম্বর বায়েজিদ থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় কথিত ফকির ন্যাংটা মামু ও তার খাদেম আব্দুল কাদেরকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

গ্রেপ্তারের হওয়ার পর জেএমবি’র সেকেন্ড-ইন-কমান্ডার বুলবুল আহমেদ সরকার ওরফে আপেল ওরফে ফুয়াদ পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাঝিরঘাটের ঘটনায় জেএমবির আট সদস্য অংশ নিয়েছিল বলে জানায়।

পুরনো খবর:

চট্টগ্রামে তিন খুন মামলায় ৩ জেএমবি সদস্য রিমান্ডে