শিপ ইয়ার্ডে ৫ বছরে ‘৬৪ দুর্ঘটনায় নিহত ৬২’
চট্টগ্রামের শিপ ইয়ার্ডগুলোতে গত পাঁচ বছরে ৬৪টি দুর্ঘটনায় ৬২ জন শ্রমিক নিহত ও ১১১ জন আহত হয়েছে বলে দাবি করেছে শ্রমিকদের একটি সংগঠন।
শিপইয়ার্ডে শ্রমিক নিহতের কারণ জানতে চায় হাইকোর্ট
ফোরামের আহ্বায়ক ও জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত বলেন, “আমাদের কাছে সংরক্ষিত তথ্য অনুসারে ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছরে বিভিন্ন ইয়ার্ডে ৬৪টি দুর্ঘটনা ঘটেছে।
“এতে ৬২ জন শ্রমিক মৃত্যুবরণ করে এবং মারাত্মকভাবে আহত হয় ১১১ জন শ্রমিক। এদের মধ্যে চিরতরে পঙ্গু হয়েছেন আট জন।”
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানাগুলোতে অনিরাপদ পরিবেশে শ্রমিকদের কাজ করতে হয় বলে অভিযোগ দীর্ঘদিনের। সেখানে দুর্ঘটনার খবরও আসে মাঝে-মধ্যে।
তপন দত্ত বলেন, ইয়ার্ড পরিচালনার ক্ষেত্রে মালিক পক্ষের অনিয়ম, শ্রম আইন না মানা, উচ্চ আদালতের নির্দেশনা ও ট্রেড ইউনিয়ন অধিকার লঙ্ঘন এবং ঝুঁকিপূর্ণ কর্ম পরিবেশ এই শিল্পকে একটি মৃত্যুকুপে পরিণত করেছে।
“বারবার দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুও মালিকদের সম্বিত ফেরাতে পারেনি।”
গত ৫ সেপ্টেম্বর সীতাকুণ্ডের কুমিরায় শীতল এন্টারপ্রাইজ নামের শিপ ইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়। এরমধ্যে চারজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তপন দত্ত বলেন, ওই দুর্ঘটনার পর থেকেই মালিকপক্ষের অহেতুক লুকোচুরি, কালক্ষেপণ ও মিথ্যাচারের কারণে শ্রমিকরা যথাযথ চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হয়েছে।
“পত্রিকা মারফত জেনেছি নিহত শ্রমিকদের পরিবারকে নামমাত্রে ক্ষতিপূরণ দেওয়া হলেও আহতদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।”
সংবাদ সম্মেলন থেকে ৫ সেপ্টেম্বরের দুর্ঘটনায় দগ্ধ ৮ শ্রমিকের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
আহত শ্রমিকদের চিকিৎসা চলাকালে দৈনিক পাঁচশ টাকা হারে ভাতা দেওয়ারও দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, ফোরামের সদস্য সচিব আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ রিজওয়ানুর রহমান খান, সদস্য মো. মছিউদ্দৌলা প্রমুখ।
