বড় ভাইকে খুনের স্বীকারোক্তি
বড় ভাইকে খুনের ঘটনায় গ্রেপ্তার রায়হান চৌধুরী চট্টগ্রামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম আবদুল কাদেরের কাছে এই আসামি জবানবন্দি দেন বলে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বড় ভাইকে খুনের বিষয়টি সে স্বীকার করেছে।”
গত রোববার সকালে নগরীর কোতোয়ালি থানার রাবেয়া রহমান গলিতে নিজ বাসায় স্থপতি সোহেল চৌধুরী (৩৫) খুন হওয়ার পর পালিয়ে যান তার ছোট ভাই চট্টগ্রামের কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রায়হান।
সোমবার রাতে রাজধানীর মতিঝিল পুলিশ বক্সে গিয়ে আত্মসমর্পন করেন রায়হান। সেখানে পুলিশ সদস্যদের কাছে বড় ভাইকে খুন করে পালিয়ে আসার কথা জানান তিনি। এরপর তাকে চট্টগ্রামে আনা হয়।
এদিকে সোমবার রাতে নিহত সোহেলের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে রায়হানকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছে বলে জানান ওসি জসিম উদ্দিন।
ঘটনার দিন পুলিশ জানায়, সকালে কলেজে যাওয়ার জন্য ডাকতে গেলে নিজের কক্ষে বড় ভাই সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে রায়হান।
পরিবারের সদস্যদের দাবি, রায়হানের মানসিক সমস্যা আছে এবং এজন্য তার চিকিৎসাও করানো হয়েছে।
ঘটনার দিন ওই বাসা থেকে পুলিশ একটি ছুরি, হাতুড়ি এবং রায়হানের বিছানার নিচ থেকে একটি বড় দা উদ্ধার করে।
