চট্টগ্রামে যুবলীগ ও ছাত্রলীগ ফের মুখোমুখি, পুলিশের গুলি
চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া গুলি ছুঁড়ে থামিয়েছে পুলিশ।
রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি এলাকায় সোমবার দুপুরে স্থানীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এবং ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে।
দুই বছর আগে দরপত্র নিয়ে এ দুই নেতার অনুসারীদের সংঘর্ষের মধ্যে গুলিতে শিশুসহ দুইজন নিহত হয়েছিলেন।
“দুই পক্ষের হাতেই লাঠিসোঁটা ছিল। এক পর্যায়ের তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে আমরা মাঝখানে অবস্থান নিয়ে তাদের নিবৃত্ত করি।”
কোনো পক্ষ গুলি ছুড়েছে কি না জানতে চাইলে ওসি জসিম বলেন, “এক পক্ষ থেকে মনে হয় এক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। আমরা নিশ্চিত নই। তবে আমরা চার রাউন্ড গুলি ছুড়েছি।”
‘এলাকায় আধিপত্য বিস্তারের বিরোধে’ দুই পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।
২০১৩ সালের ২৪ জুন সিআরবিতে ৪৮ লাখ টাকার দরপত্র জমা দেওয়া নিয়ে বাবর ও লিমনের অনুসারীরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। সে সময় গুলিতে নিহত হন যুবলীগকর্মী সাজু পালিত ও আট বছর বয়সী শিশু আরমান হোসেন টুটুল।
ওই ঘটনায় বাবর, লিমনহ দুই পক্ষের ৮৭ জনকে আসামি করে মামলাও হয়।
সেই সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল, আশপাশের এলাকা এবং ঢাকায় অভিযান চালিয়ে বাবর, লিমনসহ মোট ৫৭ জনকে গ্রেপ্তার করলেও কয়েক মাসের মধ্যে সবাই জামিনে ছাড়া পেয়ে যান।
