২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিমু হত্যা মামলা: দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমু হত্যামামলায় আদালতে দ্বিতীয় দিনের মতো ‍যুক্তি উপস্থাপন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 06:26 PM

Updated : 22 Aug 2022, 01:22 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালতে বাদি পক্ষের আইনজীবী অনুপম চক্রবর্তী যুক্তি উপস্থাপন করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার বাদি তার সাক্ষ্যে যেসব কথা বলেছেন এবং হিমু মারা যাওয়ার আগে যে বক্তব্য দিয়েছে তা আদালতে উপস্থাপন করা হয়েছে।

“মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন হিমু ঘটনার বিষয়ে জানায়। ওই বক্তব্য তার বন্ধুরা রেকর্ড করেছিল। রেকর্ড করা সেই বক্তব্যের লিখিত অনুলিপি আদালতে উপস্থাপন করা হয়েছে।”

আদালত আগামী ৮ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী দিন ধার্য করেছেন।

প্রায় ছয় মাস আগে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় নির্ধারিত থাকলেও আদালত পরিবর্তন এবং নতুন আদালতে বিচারক না থাকায় তা সম্ভব হয়নি।

এর আগে মামলাটি চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। কিন্তু নির্ধারিত সময়ে বিচার কাজ শেষ না হওয়ায় চলতি বছরের ১৯ মার্চ মামলাটি চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়।

২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ থানা এলাকায় শাহ সেলিম টিপুর বাড়ির ছাদ থেকে হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় শিক্ষার্থী হিমুকে। আহত অবস্থায় ২৬ দিন চিকিৎসা নেওয়ার পর ২৩ মে তার মৃত্যু হয়।

হিমু খুনের ঘটনায় তার মামা শ্রীপ্রকাশ দাশ বাদি হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০১২ সালের ৩০ অক্টোবর পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

এ মামলায় অভিযুক্ত পাঁচ আসামি হলেন- জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ, তার বাবা শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।

বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন জামিনে থাকা দুই আসামি শাহ সেলিম টিপু ও সাজু। মামলার অন্য তিন আসামি এখনও পলাতক।

পুরনো খবর:

কুকুর লেলিয়ে হিমু হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু