২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক আসামি পালানোয় দুই পুলিশ বরখাস্ত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক আসামি পালানোয় সেখানে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 02:18 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

শুক্রবার রাতে চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সাময়িক বরখাস্ত দুজন হলেন চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে কর্তব্যরত এএসআই ফয়জুর রহমান ও কনস্টেবল ফয়সাল আহমেদ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসাধীন অবস্থায় আসামি পালানোয় তার প্রহরার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে।”

শুক্রবার দুপুরে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আলম নামের ওই আসামি পালিয়ে যান। তিনি ছিনতাইয়ের অভিযোগে ফটিকছড়িতে গ্রেপ্তার হয়েছিলেন।  

ফটিকছড়ি থানার ওসি মফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার ভুজপুর এলাকায় অটোরিকশায় যাত্রী হয়ে উঠেন ছিনতাইকারী চক্রের সদস্য সৈয়দ আলম, তার স্ত্রী রোকসানা বেগম ও আবদুল গফুর নামে আরেকজন।

“সেখান থেকে স্থানীয়রা ধাওয়া দিয়ে ধুরং এলাকায় এসে সৈয়দ আলমকে আটক করে ও মারধর করে। পরে আমরা গিয়ে তাদের উদ্ধার করি।”

আহত সৈয়দ আলমকে পুলিশ গ্রেপ্তারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।