২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাড়ে তিন ঘণ্টায় শেষ ৫ ট্রেনের টিকেট

প্রথম তিন দিন যাত্রীদের তেমন সাড়া পাওয়া না গেলেও চট্টগ্রামে ঈদের একদিন আগের টিকেটের জন্য অপেক্ষার প্রহর গুণতে হয়েছে যাত্রীদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 08:38 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

তবে বেশিরভাগেরই কপালে জোটেনি সেই কাঙ্ক্ষিত টিকেট, ফিরতে হয়েছে মলিন মুখে।

শুক্রবার ছিল রেলের অগ্রিম টিকেট বিক্রির চতুর্থ দিন। তাই স্টেশনে আগের রাত থেকে টিকেট প্রত্যাশীদের দীর্ঘ লাইন সকাল নাগাদ পরিণত হয় ‘জনসমুদ্রে’।

সকালে টিকেট বিক্রি শুরুর সাড়ে তিন ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় আন্তঃনগর পাঁচটি ট্রেনের টিকেট। আন্তঃনগর ট্রেনগুলোর কাঙ্ক্ষিত টিকেট না পেয়ে অনেককে মেইল ও এক্সপ্রেস ট্রেনের টিকেট নিয়ে ফিরতে দেখা গেছে।

চট্টগ্রাম রেলস্টেশনে সরেজমিনে গিয়ে দেখা যায়, ২৩ সেপ্টেম্বরের টিকেটের জন্য ঘরমুখো মানুষের দীর্ঘ সারি। আগের দিন রাত ১০টা থেকে টিকেটের জন্য লাইনে দাঁড়িয়েছেন বলে অপেক্ষমান অনেকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

সকাল ৯টায় টিকেট বিক্রি শুরুর দেড় ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায় চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের টিকেট। এর আধ ঘণ্টা পর ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলির টিকেটও শেষ হয়ে যায়।

এরপর সকাল ১১টা ১০ মিনিটে কাউন্টার থেকে ঢাকাগামী তূর্ণা নিশিতার টিকেট শেষ হওয়ার কথা জানানো হয়।

আর বেলা সাড়ে ১২টার মধ্যে শেষ হয়ে যায় সিলেটগামী আন্তঃনগর উদয়ন ও আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের টিকেট।

দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকেট না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার লালপুর এলাকার রেনু বেগমকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাত ৩টা থেকে মহানগর গোধূলির শোভন চেয়ারের টিকেটের জন্য অপেক্ষা করছি।  কাউন্টারে পৌঁছে গোধূলির টিকেট না পেয়ে চট্টলা এক্সপ্রেসের টিকেট নিয়েছি।”

রেলওয়ে পূবর্বাঞ্চল কর্তৃপক্ষ জানায়, নয়টি ট্রেনের বিপরীতে প্রতিদিন সাড়ে সাত হাজার টিকেট দেওয়া হচ্ছে। তার মধ্যে চাঁদপুরগামী দুটি স্পেশাল ট্রেনের টিকেট রয়েছে সাড়ে তিন হাজার।

সাড়ে সাত হাজার টিকেটের মধ্যে কাউন্টারে দেওয়া হচ্ছে পাঁচ হাজার ৬৬৪ টি। বাকি টিকেট অনলাইনে বিক্রির জন্য রাখা হয় বলে জানিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ।

নয়টি ট্রেনের মধ্যে ঢাকাগামী সুর্বণ এক্সপ্রেস ট্রেনের ৫২৬টি, গোধূলির ২০২টি, তূর্ণার ৪০৯টি, প্রভাতী ১১১টি, সিলেটগামী পাহাড়িকা ৮৫টি ও উদয়ন ১১৪টি, চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ৩৮৭টি, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের ২০৫টি এবং চট্টলার ৭৩টি টিকেট বিক্রির জন্য রাখা হয়।

চট্টগ্রাম রেলস্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদ উপলক্ষে অতিরিক্ত চাহিদা মেটাতে ২২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর প্রতিদিন চাঁদপুরগামী দুটি স্পেশাল ট্রেন চলবে।

আবার ঈদের পর দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত এই স্পেশাল ট্রেন দুটি চলবে।

এরপরও টিকেট পাননি অনেকেই। ময়মনসিংহের টিকেট না পেয়ে পাঁচ নম্বর কাউন্টারে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় চট্টগ্রাম শহরের একটি ইলেকট্রনিকস কোম্পানিতে চাকরি করা মো. বিল্লালসহ অনেককেই।

বিল্লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের রাত থেকে অপেক্ষা করার পর দুপুর ১২টায় যদি বলে টিকেট শেষ, কেমন লাগে বলেন? এখন বাস ছাড়া অন্য কোন উপায় দেখতে পাচ্ছি না।”

একইভাবে ক্ষোভ প্রকাশ করলেন তূর্ণা নিশিতা ট্রেনের টিকেটে জন্য অপেক্ষমান যাত্রী মো. তারেক।

তিনি বলেন, “তূর্ণার টিকেটের জন্য লাইনে দাঁড়িয়েছি প্রায় আট ঘণ্টা। এখন কাউন্টার থেকে বলা হচ্ছে টিকেট শেষ। অন্য ট্রেনের টিকেট নেওয়ার জন্য এখন আবার নতুন করে লাইনে দাঁড়াতে হবে। ”

এ বিষয়ে চট্টগ্রাম স্টেশন ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, কয়েকটি গন্তব্যের টিকেট শেষ হয়ে গেলেও অন্যান্য ট্রেনের টিকেট যাত্রীরা পেয়েছেন।

যে পরিমাণ টিকেট যাত্রীদের জন্য রয়েছে তার সবগুলোই যাত্রীদের দেওয়া ছাড়া অন্যথা হওয়ার কোনো সুযোগ নেই মন্তব্য করেন এই রেলওয়ে কর্মকর্তা।

পুরনো খবর:

চট্টগ্রামে রেল টিকেটের চাহিদা কম
ভিড় কম, চট্টগ্রামে সহজেই মিলছে ট্রেনের টিকেট