২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিড় কম, চট্টগ্রামে সহজেই মিলছে ট্রেনের টিকেট

ট্রেনের আগাম ঈদটিকেট বিক্রির প্রথম দিনের আধাবেলা চট্টগ্রাম রেলস্টেশনে ভিড় না থাকায় সহজেই মিলেছে টিকেট। বেলা ১২টার পর থেকে ভিড় কিছুটা বাড়লেও নেই হুড়োহুড়ি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 03:14 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

মঙ্গলবার চট্টগ্রাম রেল স্টেশনে সকাল ৯টা থেকে আগাম টিকেট বিক্রি শুরু হয়। প্রথম দিন দেওয়া হচ্ছে ১৯ ও ২০ সেপ্টেম্বরের টিকেট।

সকালে স্টেশনে অল্প কয়েকজন যাত্রীকে টিকেটের লাইনে দেখা গেছে। বেলা ১২টা পর্যন্ত স্টেশনে যাত্রী উপস্থিতি ছিল কম।

টিকেট নিতে আসা যাত্রী মো. কামাল হোসেন বলেন, “আধ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেই টিকেট পেয়েছি। কোনো সমস্যা হয়নি।”

পূর্বাঞ্চল রেলওয়ে ব্যবস্থাপনা পরিচালক (জিএম) মকবুল আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, এবার টিকেটের কোনো সংকট হবে না।

“যাত্রীদের অতিরিক্ত চাহিদা মেটাতে থাকবে স্পেশাল ট্রেনও। কোনো সমস্যা হলে সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রথমদিন নয়টি ট্রেনের বিপরীতে চার হাজার ২৮০টি টিকেট দেওয়া হচ্ছে।

এরমধ্যে ঢাকাগামী সুর্বণ এক্সপ্রেসের ৫২৬টি, তূর্ণার ৪০৯টি, প্রভাতীর ১১১টি, সিলেটগামী পাহাড়িকার ৮৫টি ও উদয়নের ১১৪টি টিকেট বিক্রি হবে।

এছাড়া চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের ৩৮৭টি, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস টেনের ২০৫টি এবং চট্টলার ৭৩টি টিকেট বিক্রির জন্য রাখা হয়েছে।

Image
দুপুরের পর চট্টগ্রাম রেলস্টেশনে আগাম টিকেটের জন্য ভিড় কিছুটা বাড়ে

দুপুরের পর চট্টগ্রাম রেলস্টেশনে আগাম টিকেটের জন্য ভিড় কিছুটা বাড়ে

Image
প্রথম দিন ভিড় কম থাকায় চট্টগ্রামে সহজেই ট্রেনের আগাম টিকেট মিলছে

প্রথম দিন ভিড় কম থাকায় চট্টগ্রামে সহজেই ট্রেনের আগাম টিকেট মিলছে

চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, “ঈদ উপলক্ষে ২২ থেকে ২৪ সেপ্টম্বর প্রতিদিন চাঁদপুরগামী দুটি স্পেশাল ট্রেন চলবে। ঈদের পর দিন থেকে এক সপ্তাহ চলবে স্পেশাল ট্রেন দুটি।”

এদিকে ট্রেন ও স্টেশনে অজ্ঞান পার্টির তৎপরতা ঠেকাতে এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে পূর্বাঞ্চলে এবার রেলওয়ে পুলিশের এক হাজার ২৫০ সদস্য দায়িত্ব পালন করবেন বলে বাহিনীর এসপি নজরুল ইসলাম জানিয়েছেন।

আর স্টেশনকেন্দ্রিক মানুষের জটলা কমাতে এক সপ্তাহ আগে থেকে রেললাইন ও প্ল্যাটফর্ম থেকে অবৈধ হকার উচ্ছেদও শুরু হয়েছে বলে জানান তিনি।