২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেল টিকেটের চাহিদা কম

চট্টগ্রামে ঈদের আগাম রেল টিকিটের চাহিদা যাত্রীদের মধ্যে এখনও কম। কাউন্টারে বিক্রির জন্য রাখা টিকিটের কিছু অংশ এখনও অবিক্রিত বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 06:00 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিন ৪ হাজার ২৮০টি আগাম টিকিট যাত্রীদের জন্য কাউন্টারে রাখছি আমরা। এখনও যাত্রীদের আশানুরূপ সাড়া মিলছে না।”

তবে দুই-একদিনের মধ্যে টিকিটের জন্য ভিড় বাড়বে বলে আশা করছেন তিনি।

বিক্রির প্রথম দিন মঙ্গলবার স্টেশন থেকে দেওয়া হয় ১৯ ও ২০ অগাস্টের টিকেট। ১৯ তারিখের টিকেট  ১ হাজার ৯৬০টি ও ২০ তারিখের ২ হাজার ৩০০টি টিকেট বিক্রি হয় বলে রেল কর্মকর্তারা জানান।

বুধবার দেওয়া হয় ২১ সেপ্টেম্বরের টিকেট। এদিন দুপুর ১২টা পর্যন্ত ১ হাজার ৯০০টি টিকেট বিক্রি হয় বলে জানিয়েছেন স্টেশন কর্মকর্তা আজাদ।

বুধবার স্টেশনের সাতটি কাউন্টারের কোনোটিতে ভিড় দেখা যায়নি। কাউন্টারে দাঁড়িয়ে ১০ থেকে ২০ মিনিটের মধ্যে মিলছিল টিকেট।

ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসের টিকেট নিতে আসা দেওয়ান শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০ মিনিট দাঁড়িয়েই টিকেট পেয়েছি।”

মঙ্গলবার সকাল ৯টা থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রতিদিন নয়টি আন্তঃনগর ট্রেনের বিপরীতে ৪ হাজার ২৮০টি টিকেট দেওয়া হচ্ছে সাতটি কাউন্টার থেকে। 

এর মধ্যে ঢাকাগামী সুর্বণ এক্সপ্রেস ট্রেনের ৫২৬টি, তূর্ণার ৪০৯টি, প্রভাতীর ১১১টি, সিলেটগামী পাহাড়িকার ৮৫ টি ও উদয়নের ১১৪টি, চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের ৩৮৭টি, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের ২০৫টি এবং চট্টলার ৭৩টি টিকিট বিক্রির জন্য রাখা হয়।

স্টেশনের ব্যবস্থাপক আজাদ বলেন, ঈদ উপলক্ষে অতিরিক্ত চাহিদা মেটাতে ২২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টম্বর প্রতিদিন চাঁদপুরগামী দুটি স্পেশাল ট্রেন চলবে।