২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবানবন্দি দিলেন হামজা ব্রিগেডের চার সদস্য

হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের চার সদস্য।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 08:34 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

রোববার সন্ধ্যায় চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সারের আদালতে জবানবন্দি দেন মো. ইউসুফ, মোস্তাকিম বিল্লাহ, আবদুর রহমান ওরফে আসাদ উল্লাহ ও হারুনুর রশিদ।

চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক অনু মং মারমা জানান, জবানবন্দি গ্রহণের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলার আলীপুরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে র‌্যাব হামজা ব্রিগেডের ১২ সদস্যকে গ্রেপ্তার করে।

এদের মধ্যে এই চারজনকে গত ৭ সেপ্টেম্বর তিনদিনের রিমান্ডে নেয় র‌্যাব। রিমান্ডে শেষে রোববার তাদের আদালতে হাজির করা হয়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটকরা শহীদ হামজা ব্রিগেডের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা আদালতে বলেছেন।”

এর আগে শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবী একই মামলায় জবানবন্দি দিয়েছেন।