২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি অর্থায়ন: গ্রেপ্তার ব্যবসায়ী রিমান্ডে

জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা বিগ্রেড’কে অর্থ জোগানের অভিযোগে ঢাকায় গ্রেপ্তার পোশাক কারখানার মালিক এনামুল হককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পেয়েছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 04:30 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

পুরনো খবর:

জঙ্গি অর্থায়ন: ঢাকায় ব্যবসায়ী গ্রেপ্তার

রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেন এই আদেশ দেন।

শনিবার ঢাকায় গ্রেপ্তারের পর এনামুলকে চট্টগ্রামে র‌্যাব-৭ সদর দপ্তরে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়। পরে তাকে আদালতে নিয়ে যায় র‌্যাব।  

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এনামুলকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা সাতদিনের হেফাজতের আবেদন করেছিলেন।

“শুনানি নিয়ে বিচারক পাঁচ দিন মঞ্জুর করেন।”

আদালতে এনামুলের পক্ষে কোনো আইনজীবী না থাকায় বিচারক নিজেই তাকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু জবাবে সন্তুষ্ট হতে না পারায় বিচারক তার জামিন আবেদন নাকচ করে দেন।

এনামুলকেও অন্যদের মতো ২১ ফেব্রুয়ারি বাঁশখালীর লটমনি পাহাড়ে ‘জঙ্গি আস্তানা’ ও অস্ত্র উদ্ধার ঘটনায় হওয়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার বিকালে রাজধানীর তুরাগ থানার তালতলায় ‘গোল্ডেন টাচ’ নামে পোশাক কারখানার পরিচালক এনামুলকে (৩৯) গ্রেপ্তার করে র‌্যাব। 

২০১৪ সালের ১৬ অগাস্ট এনামুল ইসলামী ব্যাংক চট্টগ্রামের ও আর নিজাম রোড শাখায় শহীদ হামজা ব্রিগেডের অন্যতম সংগঠক মনিরুজ্জামান ডনের সানজিদা এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে ১৬ লাখ টাকা দেন বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন।

পতেঙ্গায় র‌্যাব-৭ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বলা হয়, ইসলামী ব্যাংক ঢাকার মহাখালী শাখায় এনামুলের একটি অ্যাকাউন্ট থাকার পরও উত্তরা শাখা থেকে তিনি টাকা পাঠান।

এনামুল ‘গোল্ডেন টাচের’ পরিচালক হলেও টাকা দেওয়ার সময় তিনি ‘গানেকস মাশরুম’ নামে একটি প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করেছেন বলে জানান র‌্যাব কর্মকর্তা মিফতা।

সম্প্রতি বিএনপি নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার করে র‌্যাব।

চট্টগ্রামে নিয়ে এর মধ্যেই তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে গণমাধ্যমের সামনে হাজির করা না হলেও রোববার এনামুলকে গণমাধ্যমের সামনে আনা হয়। তবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তাকে কথা বলতে দেওয়া হয়নি।

লেফটেন্যান্ট কর্নেল মিফতা বলেন, ২০১৩ সাল থেকে এনামুল তার এক বন্ধুকে নিয়ে রাজধানীর তুরাগ থানার তালতলায় অবস্থিত ‘গোল্ডেন টাচ’ নামে পোশাক কারখানাটি পরিচালনা করছেন।

৫৬ জন কর্মচারি নিয়ে চালু করা কারখানাটিতে জিন্সপ্যান্ট তৈরি করে তা সৌদি আরব, স্পেনসহ বিভিন্ন দেশে রপ্তানি করতেন।

মিফতা বলেন, “এনামুল বলছেন, তিনজন ব্যাক্তি তাকে কারখানার অর্ডার হিসেবে এ টাকাগুলো দিয়েছে। পরে তারা অর্ডার বাতিল করে এই অ্যাকাউন্টটিতে টাকাগুলো পরিশোধ করতে বলে।”

তবে এই তিনজনের বিষয়ে এনামুল কোনো সদুত্তর দিতে পারেনি বলে জানান তিনি।

র‌্যাব কর্মকর্তা মিফতা বলেন, মনিরুজ্জামান ডনের অ্যাকাউন্টে যেসব অর্থ লেনদেন হয়েছে তার সবগুলোই ২০১৪ সালের অগাস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে।

এনামুল ঢাকায় ব্যবসা করলেও তার বাড়ি যশোরের কোতোয়ালি থানার জয়ন্তায়।

যশোরে ২০০০ সালে এইচএসসি পাসের পর খুলনা বিএল কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নিয়ে ঢাকার তিতুমীর কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর নোয়াখালীতে ডিপ্লোমা ইন মার্চেন্ডাইজিং কোর্স করেন।

বিএল কলেজে থাকালীন সময়ে ২০০১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত মাশরুম চাষ করতেন এবং ‘গানেকস মাশরুম’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন।