২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

এ বছর জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৯৪৩ জন।

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ফাইল ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 08:32 PM

Updated : 12 Aug 2023, 08:32 PM

চট্টগ্রামে ডেঙ্গুতে আরো এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চলতি বছর ডেঙ্গুতে ৩২ জনের মৃত্যু হলো।

শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, ডেঙ্গুতে মারা যাওয়া নাসিমা আক্তার (৩২) সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।

শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তির আধাঘণ্টা পরই তিনি মারা যান।

এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মারা যাওয়া ৩২ জনের মধ্যে চলতি মাসের প্রথম ১১ দিনে ৭ জনের মৃত্যু হয়। গত জুলাই মাসে ডেঙ্গুতে মারা যান ১৬ জন।

জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে ১৪ জন শিশু, ১০ জন নারী ও ৮ জন পুরুষ।

শনিবারের প্রতিবেদন অনুসারে, জেলায় নতুন করে ৯১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদের নিয়ে চলতি মাসে ১১ দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১১৬৭ জন হলো।

এ বছর জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৯৪৩ জন। এরমধ্যে নগরীর বাসিন্দা ২৭৭৪ জন। উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ডে সর্বোচ্চ ৪৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

শনিবার জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ২৮৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে সর্বোচ্চ ১৩৩ জন আছেন চট্টগ্রাম মেডিকেলে।