১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অতীতে খারাপ অভিজ্ঞতা’ বিবেচনায় ঈদের নিরাপত্তা: সিএমপি কমিশনার

“আমরা অনুরোধ করব, ঈদ জামাতে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে আসবেন না। যদি বৃষ্টি হয় অবশ্যই ছাতা আনবেন”, বলেন তিনি।

‘অতীতে খারাপ অভিজ্ঞতা’ বিবেচনায় ঈদের নিরাপত্তা: সিএমপি কমিশনার
ঈদের আগের দিন চট্টগ্রামে প্রধান ঈদ জামাতস্থল জমিয়াতুল ফালাহ জামে মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 05:20 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

কোনো হুমকি না থাকলেও অতীতের ‘খারাপ’ অভিজ্ঞতার কারণে চট্টগ্রামে ঈদ জামাতকে ঘিরে নিরাপত্তা কৌশল সাজিয়েছে পুলিশ। 

কোরবানির ঈদের আগের দিন রোববার দুপুরে বন্দরনগরীর প্রধান ঈদ জামাতস্থল জমিয়াতুল ফালাহ জামে মসজিদ পরিদর্শন শেষে এ কথা বলেন মহানগর পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়। 

ঈদ জামাত নিয়ে কোন হুমকির আশঙ্কা আছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, “আমাদের কাছে সুস্পষ্ট কোনো হুমকি নেই। কিন্তু আমাদের অতীতে খারাপ অভিজ্ঞতা আছে। সেগুলো বিবেচনায় নিয়ে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।” 

জামাতে বাড়তি কোনো কিছু সঙ্গে না রাখতে মুসল্লিদের অনুরোধ করেন সিএমপি কমিশনার। 

তিনি বলেন, “আমরা অনুরোধ করব, ঈদ জামাতে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে আসবেন না। 

“যদি বৃষ্টি হয় অবশ্যই ছাতা আনবেন। সেক্ষেত্রে আমাদের পুলিশের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব অক্ষুণ্ন রাখলে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।” 

এই মসজিদ প্রাঙ্গণে লোক সমাগম বেশি হবে বলে নিরাপত্তার আয়োজনও বেশি থাকবে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “নগরীতে আরও ৮০টি স্থানে ঈদ জামাত হবে। সেখানে আমরা স্থানীয়ভাবে নিরাপত্তার আয়োজন করব।“ 

ঈদের পরেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে কৃষ্ণপদ রায় বলেন, “আমরা যেমন সচেষ্ট আছি, তেমনিভাবে সাধারণ নাগরিকরাও যদি সচেষ্ট থাকেন, তাহলে আমাদের জন্য নিরাপত্তা বিধান করাটা সহজ হবে। 

“আমরা প্রতি বছর তিন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে। যারা বাড়ি গেছেন তাদের প্রতি পরামর্শ ছিল তাদের মূল্যবান সম্পদ যেন নিরাপদ কোনো স্থানে রেখে যান, নিদেনপক্ষে একজন লোক ওই বাড়ি কিংবা প্রতিষ্ঠানে পাহারায় নিয়োজিত থাকবেন এবং প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।” 

সিএমপির বিভিন্ন স্তরের কর্মকর্তারা কৃষ্ণপদর সঙ্গে উপস্থিত ছিলেন।