১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আলুর দামে ঊর্ধ্বগতি: চট্টগ্রামে ৪ আড়তকে জরিমানা

রেয়াজউদ্দিন বাজারে নতুন আলু পাইকারিতে বিক্রি হচ্ছে কেজিতে ৪৫ টাকা ও পুরাতন আলু ৫০-৫৫ টাকা; খুচরায় যা ৭০ থেকে ৮০ টাকা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2023, 09:02 PM

Updated : 28 Dec 2023, 09:01 PM

চড়তে থাকা আলুর দামে লাগাম টানতে অভিযান চালিয়ে চট্টগ্রামে চার আড়তকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার নগরীর রেয়াজউদ্দিন বাজারে অভিযানকালে ক্রয় রশিদ ও মূল্য তালিকা না থাকায় এসব আড়তকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম উমর ফারুক।

এদিন বিকালে নগরীর বড় এই খুচরা ও পাইকারি বাজারে অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় পাইকারি ও খুচরার মধ্যে আলুর দামে বড় ধরনের পার্থক্য রয়েছে।

অন্যান্য বছর এ সময়ে সবজির বাজারে আলুর দাম কম থাকলেও এবছর তা নাগালের বাইরে। খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি দরে।

অভিযানকালে বেশি দামে আলু বিক্রির জন্য চট্টগ্রামের আড়তদাররা দায়ী করেছেন খুচরা ব্যবসায়ীদের।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আড়তদাররা দাবি করেছেন প্রান্তিক কৃষকদের কাছ থেকে কয়েক হাত বদল হয়ে আলু আসে আড়তদারদের কাছে। এ কারণে কয়েক ধাপে দাম বেড়ে যায়। আবার খুচরা ব্যবসায়ীরা তাদের থেকে কিনে নিয়ে আরও অধিক দামে বিক্রি করেন।

“আমরা দেখেছি, রেয়াজউদ্দিন বাজারে নতুন আলু পাইকারিতে বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজিতে। আর পুরাতন আলু ৫০-৫৫ টাকা কেজিতে। কিন্তু পাইকারি ও খুচরা বাজারে এত ব্যবধানটি আমরা খতিয়ে দেখব।”

তিনি জানান, অভিযানে আড়তগুলো তাদের ক্রয় রশিদ দেখাতে পারেনি। যে কারণে সঠিক দামটি নির্ধারণ করাও সম্ভব নয়।