২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক দুই মামলায় চট্টগ্রামে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

শিশু ধর্ষণ ও ইয়াবা বহনের দুই মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড হয় পৃথক আদালতে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2023, 09:21 PM

Updated : 02 Aug 2023, 09:23 PM

দুটি পৃথক মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের দুটি আদালত।

এর মধ্যে মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকায় দুই বছর আগে এক শিশুকে ধর্ষণের মামলায় দুই আসামিকে বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা।

দণ্ডিতরা হলেন- সুনাম উদ্দিনেরর ছেলে মো. মিশু (৩০) ও মো. আলীর ছেলে মো. হৃদয় (৩২)।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি খন্দকার আরিফুল আলম বলেন, “দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৩) ধারায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে তিন লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন বছরের সাজা দিয়েছেন আদালত।

“আসামিরা শুরু থেকে গ্রেপ্তার ছিল। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল। পরে তাদের কারাগারে পাঠানো হয়।”

মামলার নথি থেকে জানা যায়, জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় ২০২০ সালের ২৭ অক্টোবর প্রতিবেশির ৯ বছর বয়সী কন্যাশিশুকে মোবাইলে গান শোনানোর কথা বলে ডেকে নেন মিশু।

ওই সময় মিশুর ঘরে আগে থেকে অবস্থান করছিল তার বন্ধু হৃদয়। শিশুটি ওই ঘরে গেলে মিশু ও হৃদয় মিলে বাড়ির পাশে নিয়ে তাকে ধর্ষণ করেন।

ঘটনার দিন শিশুটির মা ও বাবা বাড়িতে ছিলেন না। শিশুটির চিৎকার শুনে তার ফুফু এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা করেন।

ঘটনার দিনই স্থানীয়রা মিশুকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে হৃদয়ও গ্রেপ্তার হন।

২০২১ সালের ১৭ অক্টোবর জোরারগঞ্জ থানার পরির্দশক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী দুই জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেন।

আইনজীবী খন্দকার আরিফুল আলম বলেন, “মামলার বিচার চলাকালে শিশুটির পরিবারের সাথে আসামিদের আপস হয়। কিন্তু শিশু ধর্ষণের বিষয়ে আপস হতে পারে না। তাই শিশুটির বাবাকে সাক্ষী হিসেবে আমরা বৈরী ঘোষণা করি।

“ডাক্তার এবং তদন্ত কর্মকর্তাসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিরা দোষী প্রমাণিত হয়।”

এদিকে নগরীর ব্রিজঘাট এলাকায় তিন বছর আগে ছয় হাজার ইয়াবাসহ গ্রেপ্তারের মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত।

দণ্ডিত দু’জন হলেন- বাদশা মিয়া (৪৪) ও মো. শাহজাহান (৪৮)।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবু জাফর বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে দুই আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন।

“আসামিরা জামিনে গিয়ে পলাতক হয়েছে।”

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার ব্রিজঘাট এলাকায় তল্লাশি চালায় নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগ।

এসময় একটি পিকআপে তল্লাশি চালানোর জন্য থামালে বাদশা মিয়া ও শাহাজাহান নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের আটকের পর চালকের আসনের নিচ থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গোয়েন্দা পশ্চিম বিভাগের তৎকালীন পরিদর্শক শাহাদাত হোসেন খান বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় মামলা করেন।

তদন্ত শেষে অভিযোগপত্র জমা দিলে ২০২১ সালের ২১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় দেয়া হয়।