অশুভ শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে
“বিনির্মাণ করতে হবে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সম্প্রীতির বাংলাদেশ।”
সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহতের আহ্বান জানানো হয়েছে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে।
রোববার উদীচী চট্টগ্রাম জেলার সংসদের আয়োজনে সংগঠনের ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উদীচী শিল্পীগোষ্ঠীর বর্তমান এবং সাবেক শিল্পী, কর্মী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়। কথামালায় অংশ নিয়ে অতিথি এবং শিল্পীরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান।
গানের সুরে, কবিতার ছন্দে ও কথামালায় ব্যক্ত হয় সাংস্কৃতিক শক্তিতে অশুভ শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয়।
কথামালায় দীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি সাংবাদিক জসীম চৌধুরী সবুজ বলেন, “মুক্তমত ও সংস্কৃতিচর্চার অবাধ পরিবেশ নিশ্চিত করে বাহাত্তরের সংবিধানের মূলনীতির ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে। সারাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধসম্পন্ন সাংস্কৃতিক বলয় কেন্দ্র গড়ে তুলতে হবে।
“উন্নয়নের নামে প্রাণ-প্রকৃতি ধ্বংসকারী সকল প্রকল্প বাতিল ও উচ্ছেদ বন্ধ করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিল্পকলা বিষয়ক কর্মকাণ্ড বাড়াতে হবে। সাম্প্রদায়িকীকরণ বন্ধ এবং বিভেদ, বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টিকারী লেখা ও উপাদান পাঠ্যপুস্তক থেকে তুলে নিতে হবে।”
জসীম চৌধুরী সবুজ বলেন, “বাংলার চিরায়ত সুর আজ রুদ্ধ। ধর্মান্ধতার মাস্তানির কাছে গুমরে কাঁদছে সম্প্রীতির বাংলাদেশ। সাংস্কৃতিক শক্তি দিয়েই পরাভূত করতে হবে এই অপশক্তিকে। রুখে দিতে হবে অপশক্তির অপতৎপরতা। বিনির্মাণ করতে হবে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সম্প্রীতির বাংলাদেশ।”
আলোচনায় খেলাঘর, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী বলেন, “সাম্য, স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি এবং মানবিক সমাজ নির্মাণে উৎসর্গিত লাখো লাখো মানুষের রক্তস্নাত এই দেশের মানুষের লড়াই এখনও বিদ্যমান।
“মেহনতি মানুষকে শোষণ-বঞ্চনা, দুঃখ-দুর্দশা এবং অধিকার সম্পর্কে সচেতন করতে হবে।”
আলোচনায় অংশ নেন উদীচী, চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি সুনীল ধর, আবুল কাসেম, গৌতম দত্ত, জয়তী ঘোষ, সাফায়াত মাহবুব, অপর্ণা চৌধুরী।
সাংস্কৃতিক পর্বে একক এবং দলীয়ভাবে সংগীত পরিবেশন করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীকর্মীরা। আবৃত্তি পরিবেশন করেন উদীচীর নবীন সদস্যরা্
সত্য ও সুন্দরের আকাঙ্ক্ষা ধারণ করে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর উদীচীর যাত্রা শুরু হয়। এরপর সংস্কৃতির সেই জাগরিত শক্তি দিয়ে অব্যাহত রয়েছে মুক্ত মানুষের মুক্ত পৃথিবী গড়ার সংগ্রাম।
কালের পরিক্রমায় সংগ্রামী সেই সাংস্কৃতিক অভিযাত্রার ৫৫ বছর পূর্ণ করলো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী। দীর্ঘ পথচলার আনন্দে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনের কর্মীদের মাঝে বয়ে যায় প্রাণের উচ্ছ্বাস।
