চট্টগ্রামে ‘অজ্ঞান পার্টি’র তিন সদস্য গ্রেপ্তার
অজ্ঞান পার্টির খপ্পরে অসুস্থ হয়ে মৃত্যুর একটি মামলা তদন্ত করতে গিয়ে এই তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ
চট্টগ্রামে ‘অজ্ঞান পার্টি’র তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের খপ্পরে পড়ে সম্প্রতি এক বাস যাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পিবিআই।
গ্রেপ্তার তিন জন হলেন মহিন উদ্দিন (৩০), আনোয়ার হোসেন (৪২) ও মো. রফিকুল ইসলাম (৪২)। তাদের কাছ থেকে নিহত বাসযাত্রীর মোবাইল ফোনসেট ও বিভিন্ন ধরনের আলামত জব্দ করা হয়। এই দলের আরেক সদস্য সাত্তার পলাতক বলে জানিয়েছে পুলিশ।
নিহত বাসযাত্রী আবু ছৈয়দ (৫৪) সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি জলিল গেইটের বাসিন্দা।
পিবিআই চট্টগ্রাম জেলার বিশেষ পুলিশ সুপার নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড যাওয়ার পথে আবু ছৈয়দ নামে এক বাসযাত্রী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।
“বড় দারোগার হাট এলাকায় বাস থেকে তাকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ অক্টোবর তিনি মারা যান।”
তিনি জানান, “এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়। থানা পুলিশের পাশাপাশি পিবিআইও মামলাটির ‘ছায়া-তদন্ত’ শুরু করে। অবশেষে রোববার জড়িতদের গ্রেপ্তার করা হয়।”
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহাদাত হোসেন জানান, “চক্রটিতে চার জন সদস্য। তাদের মধ্যে দুই জন আয়ুর্বেদিক ওষুধ বিক্রির নামে হকারের ছদ্মবেশে থাকে। অন্য দুই জন বাসের যাত্রী হিসেবে টার্গেট করা লোকের পাশে বসেন।
“যাত্রী বেশে থাকা ব্যক্তিরা হকারের ছদ্মবেশে থাকা সদস্যদের কাছ থেকে ওষুধ খেয়ে টার্গেট করা যাত্রীকে ‘প্রলুব্ধ’ করেন। যাত্রী সেটি খাওয়ার পর অজ্ঞান হয়ে গেলে তার কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেন।”
এসআই শাহাদাত জানান, “ঘটনার দিন ভিকটিম আবু ছৈয়দকে টার্গেট করে তারা অলঙ্কার থেকে সীতাকুণ্ডগামী একটি বাসে ওঠে। তাদের মধ্যে পলাতক সাত্তার ও রফিকুল বাসে উঠে আবু ছৈয়দের পাশে বসেন। আর মহিন ও আনোয়ার আয়ুর্বেদিক ওষুধ বিক্রির নামে হকারের ছদ্মবেশে বাসে ওঠেন।
“মহিন ও আনোয়ারের ক্যানভাসের পর সাত্তার ও রফিকুল তাদের কাছ থেকে ওষুধ চেয়ে খেয়ে নেন। তাদের দেখে আবু ছৈয়দও একটি ওষুধ খেলে অজ্ঞান হয়ে যান। এ সময় তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন সেট হাতিয়ে নিয়ে যায় আসামিরা।”
