১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘যৌতুক না পেয়ে বিক্রি করেন ৩ মাসের সন্তানকে’, চট্টগ্রামে যু্বক গ্রেপ্তার

‘নেশাগ্রস্ত’ যুবক যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করতেন, বলছে পুলিশ।

‘যৌতুক না পেয়ে বিক্রি করেন ৩ মাসের সন্তানকে’, চট্টগ্রামে যু্বক গ্রেপ্তার
গ্রেপ্তার মিরাজ উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 10:27 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধর করেও ক্ষ্যান্ত হননি ‘মাদকাসক্ত স্বামী’, পরে তিন মাসের সন্তানকে কেড়ে নিয়ে বিক্রি করে দেন অন্য একজনের কাছে।

চট্টগ্রামের লোহাগাড়ার সদর ইউনিয়নের আকবর পাড়া এলাকায় শুক্রবার রাতে এ ঘটনার পর পুলিশ শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে।

এমন কাণ্ড ঘটানো যুবক মিরাজ উদ্দিনকে (৩০) গ্রেপ্তারের তথ্য দিয়েছেন লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান। অটোরিকশাচালক মিরাজের বিরুদ্ধে যৌতুকের মামলা হয়েছে।

পুলিশ বলছে, বছর দুই আগে বান্দরবানের মেয়েকে বিয়ে করেন মিরাজ। তিনি নেশাগ্রস্ত। যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করতেন। শুক্রবার হুমকি দেন যৌতুকের টাকা না পেলে বাচ্চাকে বিক্রি করে দেবেন।

ওসি আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হুমকি দেওয়ার পর শিশুটিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান মিরাজ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা অভিযান চালাই। ততক্ষণে মিরাজ অন্য একজনের কাছে শিশুটিকে বিক্রি করে দেন।

“পরে পুলিশের দল পশ্চিম মছদিয়া এলাকায় স্থানীয় এক কিশোরের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে কিনে নেওয়া ব্যক্তি ওষুধ কেনার কথা বলে কিশোরের কাছে দিয়ে পালিয়ে যান।”

তবে শিশুটিকে বিক্রি করার অভিযোগ থানায় সংবাদমাধ্যম কর্মীদের কাছে অস্বীকার করেন মিরাজ।

তার দাবি, ‘স্ত্রী তার সঙ্গে সংসার করবে না বলায়’ সন্তানকে সেই ব্যক্তির কাছে ‘লালন-পালনের জন্য’ দিয়েছিলেন। এর বিনিময়ে তিনি কোনো টাকাও পাননি।