টাকাপয়সার বিরোধে চট্টগ্রামে ভাগ্নি জামাইয়ের হাতে নারী খুন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন তার মাসি শাশুড়িকে ‘শ্বাসরোধ করে’ খুন করার কথা স্বীকার করেছেন বলে পুলিশের ভাষ্য।
চট্টগ্রামের ষোলশহর এলাকা থেকে এক নারীর মৃতদেহ উদ্ধারের পর পুলিশ বলেছে, আর্থিক লেনদেনের নিয়ে বিরোধের জেরে ‘ভাগ্নি জামাইয়ের হাতে খুন হয়েছেন’ তিনি।
শনিবার সন্ধ্যায় নগরীর পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহরের নাজির পাড়ার বাসা থেকে ৫৫ বছর বয়সী মঞ্জু দেবীর লাশ উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার ভোরে তার ভাগ্নি জামাই লিটন কান্তি দেকে (৪০) ফটিকছড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন তার মাসি শাশুড়িকে ‘শ্বাসরোধ করে খুন করার কথা স্বীকার করেছেন’ বলে পুলিশের ভাষ্য।
ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, “লিটন বলেছেন, শুক্রবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তিনি তার মাসি মঞ্জু দেবীকে ঘাড়ে আঘাত করে অচেতন করেন। পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করেন। সারারাত ওই বাসায় থাকার পর শনিবার সকালে লিটন পালিয়ে রাঙামাটি চলে যান। বিকালে সেখান থেকে ফিরে রাউজানে নিজের বাড়িতে থাকেন এবং রাতে আবার ফটিকছড়ি উপজেলায় বোনের বাড়িতে চলে যান।“
মঞ্জু দেবীর লাশ উদ্ধারের সময় ওই বাসা থেকে তার ছেলে উত্তম দেবকেও অর্ধচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বলেন, “খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে উত্তমকে অচেতন করা হয়। শনিবার বিকালে তার ঘুম ভাঙার পর সে তার মাকে খাটে শোয়া অবস্থায় দেখতে পায়। ডাকাডাকির পরও মা সাড়া না দেওয়ায় প্রতিবেশী সঞ্জু সেনকে ডেকে আনে।“
পরে প্রতিবেশীদের ফোনে পেয়ে পুলিশ এসে মঞ্জু দেবীর লাশ উদ্ধার করে এবং উত্তমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে ওসি সন্তোষ কুমার চাকমা জানান।
খুনের কারণ জানতে চাইলে ওসি বলেন, “লিটনের কাছ থেকে জানা গেছে, মঞ্জু দেবী সুদের কারবার করতেন। মাস ছয়েক আগে মঞ্জু তার নিজের ছেলের (উত্তম দেব) কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়ে দিতে লিটনকে অনুরোধ করেন। বিনিময়ে প্রতিমাসে লিটনকে এক হাজার টাকা করে দেওয়ার আশ্বাস দেন। এই লেনদেনের বিষয়টি উত্তমের কাছে গোপন রাখার অনুরোধ করেন।
“এরপর লিটন তার বাড়ির দলিলের কপি উত্তমের কাছে জমা রেখে থেকে টাকা ধার নিয়ে মাসি শাশুড়িকে দেন। গত ১২ ফেব্রুয়ারি ওই টাকা তার পরিশোধের কথা ছিল। এই টাকা ছাড়াও লিটন নিজের মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরও ৯০ হাজার টাকা তুলে মঞ্জুকে ধার দিয়েছিলেন। “
উত্তমের কাছ থেকে নেওয়া ৫০ হাজার টাকা নির্ধারিত তারিখে শোধ করতে না পারায় তার সঙ্গে লিটনের ঝামেলা বাঁধে। বিষয়টি নিয়ে মঞ্জু দেবীর সঙ্গেও কয়েকদিন আগে লিটনের কথা কাটাকাটি হয়।
ওসি সন্তোষ কুমার বলেন, “শুক্রবার মঞ্জু দেবীর বাসায় যাওয়ার পর তার কাছে লিটন টাকা ফেরত চান। কথাবার্তার এক পর্যায়ে মঞ্জু দেবী লিটনকে বলেন, তিনি যে টাকা নিয়েছেন তার কোনো প্রমাণ নেই। এই কথার পরই লিটনের সঙ্গে মঞ্জু দেবীর ঝগড়া বাঁধে। এক পর্যায়ে মঞ্জুর ঘাড়ে আঘাত করে এবং তার শ্বাসরোধ করে হত্যা করেন লিটন। পরে উত্তমের রুম থেকে তার বাড়ির দলিলের ফটোকপি নিয়ে তা ছিঁড়ে বাথরুমের কমোডেও ফেলে দেন।“
লিটন পুলিশের কাছে দাবি করেছেন, বাসায় যাবার পর মঞ্জু দেবী তাকে পিঠা এবং উত্তমকে পায়েস খেতে দিয়েছিলেন। তিনি পায়েস খেতে চাইলেও তাকে দেননি। উত্তম পায়েস খাওয়ার কিছু সময় পর তার ঘুম আসছে বলে ঘুমিয়েও পড়েন।
লিটনের বরাতে ওসি বলেন, “শুক্রবার রাতে পায়েস খাওয়ার পরপর উত্তম সেই যে ঘুমিয়ে যান, পরদিন বিকাল ৪টার দিকে ঘুম থেকে উঠেও তিনি তেমন স্বাভাবিক ছিলেন না। নেশাজাতীয় দ্রব্যের কারণে তার এমন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা, সেটা আমরাও অনেকটা নিশ্চিত। কিন্তু এ নেশাজাতীয় দ্রব্য কে মিশিয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি।”
হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মঞ্জু দেবীর আরেক ছেলে উজ্জ্বল দেব বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা করেছেন।
