২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহ আমানতে দুই যাত্রীর কাছে বিপুল সিগারেট, পাকিস্তানি বিউটি ক্রিম

দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

শাহ আমানতে দুই যাত্রীর কাছে বিপুল সিগারেট, পাকিস্তানি বিউটি ক্রিম
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 01:24 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই বিদেশ যাত্রীর কাছে থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আমাদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছে বিমান বন্দর কাস্টমস। 

দুই যাত্রী হলেন- নুর নবী ও মিজানুর রহমান। তাদের মধ্যে নুর নবীর বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়। আর মিজানুরের বাড়ি চট্টগ্রামের হাটহাজারি উপজেলায়।  

মঙ্গলবার ইউএস বাংলার বিএস-৩৫০ ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম এসে তারা তল্লাশির মুখে পড়েন। 

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ দুই যাত্রী গ্রিণ চ্যানেল পার হওয়ার সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস সদস্যরা তাদের ব্যাগ স্ক্যান করে। এসময় ব্যাগে সন্দেহজনক কিছু থাকার বিষয়টি বুঝতে পেরে ব্যাগ তল্লাশি করা হয়। 

“তল্লাশিতে তাদের কাছ থেকে মোট ১৯০ কার্টন প্লাটিনাম ব্রান্ডের সিগারেট এবং আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ডিউ ক্রিম জব্দ করা হয়।”

দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ইব্রাহীম খলিল।