২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার কারণেই প্রত্যন্ত অঞ্চলের মানুষ শিক্ষার সুযোগ পাচ্ছে: নওফেল

“প্রধানমন্ত্রী এমন একজন ব্যক্তি, যিনি সকল শ্রেণি-পেশার মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন,” বলেন শিক্ষা উপমন্ত্রী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2023, 11:26 PM

Updated : 28 Oct 2023, 11:27 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ শিক্ষা গ্রহণের সুযোগ ও সুফল পাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম নগরীতে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে তিনি বলেন, “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও শিক্ষার মান উন্নয়ন হয়েছে। মাঝে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে নির্মাণ কাজে কিছুটা ধীরগতি এসেছিল, কিন্তু এখন তা সমন্বয় করে নেওয়া হয়েছে। দ্রুত সময়ের ভেতরে সব ভবন নির্মাণ কাজ শেষ হবে।”

নতুন বছরের প্রথম দিনেই সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই পোঁছে দেওয়ার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তিনি বলেন, “শেখ হাসিনা এমন একজন ব্যক্তি, যিনি সকল শ্রেণি-পেশার মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।”

বন্দর নগরীর এনায়েত বাজার বাটালি রোডে রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দেন শিক্ষা উপমন্ত্রী। পরে আরও ছয়টি প্রতিষ্ঠানের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এগুলো হল- অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পাথরঘাটা মেনকা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চরচাকতাই সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, লামাবাজার এ এ এস সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, বলুয়ার দিঘী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী উপস্থিত ছিলেন।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে)