৪৪২ বোতল ফেনসিডিলের মামলায় ট্রাক চালকের যাবজ্জীবন
২০১৯ সালে ৪ এপ্রিল সীতাকুণ্ডের মহাদেবপুরে র্যাবের হাতে ধরা পড়েন তিনি।
সাড়ে চার বছর আগে ৪৪২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার এক ট্রাক চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সরওয়ার আলম বুধবার এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিত মো. নজরুল ইসলাম মুন্সি মাদারীপুর জেলার শিবচরের কাবিলপুর উত্তর পাড়ার মৃত গফুর মুন্সীর ছেলে। ডবলমুরিং এলাকার ঝর্ণার বাপের কলোনিতে তিনি থাকতেন।
চট্টগ্রামের জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায়’ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৩ (গ) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকার অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
২০১৯ সালের ৪ এপ্রিল র্যাব সীতাকুণ্ডের মহাদেবপুরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে নজরুলকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছিল।
বিচার চলাকালে ১১ জনের সাক্ষ্য নিয়ে আদালত বুধবার তাকে দোষী সাব্যস্ত করে রায় দিল।
রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন পিপি।
