সীতাকুণ্ডে র্যাকেট দিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
এ নিয়ে রোববার বিকাল থেকে রাত পর্যন্ত সীতাকুণ্ডে তিনটি হত্যাকাণ্ড ঘটল।
সীতকুণ্ডের জঙ্গল ছলিমপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এক কিশোরকে র্যাকেট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বলেছেন, ছলিমপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকায় রোববার রাত ৮টার দিকে ব্যাডমিন্টন খেলা নিয়ে বিবাদের জেরে মো. ইমনকে (১৬) হত্যা করা হয়।
ইমন ওই এলাকার মো. সবুজের ছেলে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।
ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে জাফরাবাদ থেকে তিন কিশোরকে গ্রেপ্তার করে।
ওসি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাডমিন্টন খেলার সময় বন্ধুস্থানীয় কয়েকজন কিশোরের সঙ্গে ইমনের ঝগড়া বাঁধে। ঝগড়ার এক পর্যায়ে ব্যাডমিন্টনের র্যাকেটের কাঠের অংশ দিয়ে ইমনের ঘাড়ে আঘাত করে কয়েকজন। “
গুরুতর আহত অবস্থায় ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ওসি।
ইমনের মামা মোহাম্মদ শাজাহান বলেছেন, এলাকার কয়েকটি ছেলের সঙ্গে ইমনের আগে থেকেই সমস্যা ছিল।
এ ঘটনায় ইমনের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
এ নিয়ে রোববার বিকাল থেকে রাত পর্যন্ত সীতাকুণ্ডে তিনটি হত্যাকাণ্ড ঘটল। রাতে সীতাকুণ্ড থানার সোনাইছড়ি চৌধুরীঘাটায় দুর্বত্তরা কুপিয়ে আলমগীর নামে এক ব্যক্তিকে খুন করে। তার আগে বিকালে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের লালানগর এক নম্বর ওয়ার্ডে নুরুল মোস্তফা বজল নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়।
