২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে মহাসড়কের পাশে যুবকের হাত বাঁধা লাশ

আনুমানিক ২২ বছর বয়সী যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 07:14 PM

Updated : 30 Jul 2023, 07:14 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশ থেকে এক যুবকের হাত বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে; পুলিশের ধারণা, তাকে খুন করে লাশ সড়কের পাশে ফেলে রাখা হয়েছিল।

রোববার উপজেলার বার আউলিয়া মাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

আনুমানিক ২২ বছর বয়সী এ যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি বলে সীতাকুণ্ড থানার এসআই নাসিরউল্লাহ রুবেল জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, উদ্ধার করা যুবকের হাত পেছন থেকে বাঁধা ছিল। তার শরীরে আঘাতের চিহ্ন আছে।

“আমাদের ধারণা, রাতে কিংবা ভোরে ওই যুবককে খুন করে লাশ মহাসড়কের পাশে ফেলে রাখা হয়েছে।”

পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে; পাশাপাশি বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।